- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
ধর্মীয় অবস্থা
বর্তমান কালের মতো সে যুগেও মানুষেরা বিভিন্ন ধর্মীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান পালন করত। আড়ম্বর ও জাঁকজমকের সঙ্গে হিন্দুরা বিভিন্ন দেব-দেবীর পূজা করতো। এর মধ্যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, শিব, শিবলিঙ্গ, চণ্ডী, মনসা, বিষ্ণু, কৃষ্ণ, সূর্য, মদন, নারায়ণ, ব্রহ্ম, অগ্নি, শীতলা, ষষ্ঠী, গঙ্গা ইত্যাদি উল্লেখযোগ্য। বাঙালি হিন্দুরা সামাজিক জীবনে দুর্গাপূজা, দশহরা, গঙ্গা স্নান, অষ্টমী স্নান এবং মাঘী সপ্তমী স্নানকে পবিত্র বলে মনে করত। ধর্মপ্রাণ হিন্দুদের নিকট গঙ্গাজল অত্যন্ত পবিত্র। তারা দোলযাত্রা, রথযাত্রা, হোলি ইত্যাদি ধর্মীয় উৎসব পালন করত।
ব্রাহ্মণ সম্প্রদায় প্রাচীন বাংলার সময়ের ন্যায় এ যুগেও অপরিসীম কর্তৃত্বের অধিকারী ছিল। ব্রাহ্মণ পুরোহিতরা ধর্ম কর্ম পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করতেন। শ্রেণিভেদ ছাড়াও হিন্দু সমাজে কতকগুলো ধর্মীয় সম্প্রদায় ছিল। যেমন-শৈব, শাক্ত ইত্যাদি। হিন্দুদের মধ্যে এ সময় বৈষ্ণব ধর্মের প্রভাবও উল্লেখযোগ্য ছিল।
মুসলমানরা বর্তমান সময়ের মতোই মধ্যযুগেও বিভিন্ন ধর্মীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠান পালন করত। ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহা মুসলমান সমাজের প্রধান ধর্মীয় উৎসব হিসেবে পালিত হতো। মুসলমানরা রমজান মাসে রোজা রাখতো। এছাড়াও শব-ই-বরাত ও শব-ই-কদর পালন করতো।
উৎসব অনুষ্ঠানে হিন্দু-মুসলমান সকলেই তাদের সাধ্যমতো নতুন এবং পরিচ্ছন্ন পোশাক পরে একে অন্যের গৃহে গিয়ে কুশল ও দাওয়াত বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বভাবকে সুদৃঢ় করত। সুলতান, সুবাদার ও নবাবগণ ধর্মীয় উৎসব উপলক্ষ্যে জনগণের সান্নিধ্যে আসতেন। মুসলমানরা মহানবির (সা.) জন্মদিন পালন করত। বর্তমান সময়ের মতো মধ্যযুগেও মহরম উৎসব পালিত হতো। এটি শিয়া সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান বলে পরিচিত। এ উদ্দেশ্যে শিয়ারা 'তাজিয়া' তৈরি করত।
মধ্যযুগে মুসলমানদের সংখ্যা ছিল কম। ধীরে ধীরে সমাজে ধর্মান্তরিত মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। ১৩-১৯ শতকের মধ্যে ৪০% এর মতো মুসলমান জনগোষ্ঠী তৈরি হয়। ১৯-২০ শতকে এসে এই সংখ্যা ৫০% হয়। মুসলমানরা ইসলামি রীতি-নীতি মেনে চলতে থাকে। ধর্মের মধ্যে সংস্কৃতির অনেকগুলি উপাদান প্রাচীনকাল থেকে এসে যুক্ত হয়। এভাবে সংমিশ্রণ ও সমন্বয়ের ধারা চালু হয়। অভিজাত ও দরিদ্র মুসলমানদের মধ্যে আচার-আচরণ, রীতি-নীতি, প্রথা পদ্ধতি, খাদ্যাভ্যাস, পোশাকের ক্ষেত্রে পার্থক্য ছিল।
মুসলমান সমাজে সুফি ও দরবেশ নামে পরিচিত পির বা ফকির সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব ছিল। তাঁরা ধর্মশাস্ত্রে পণ্ডিত ছিলেন এবং সর্বদা আধ্যাত্মিক সাধনায় মগ্ন থাকতেন। দেশের বিভিন্ন স্থানে তাঁরা ধর্ম সাধনার জন্য 'দরগা' প্রতিষ্ঠা করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে শাসকবর্গ ও জনগণ সকলের কাছেই তাঁরা শ্রদ্ধার পাত্র ছিলেন।
বাংলায় ইসলামের বিস্তৃতির সাথে সাথে মুসলমান সমাজও বিস্তৃত হতে থাকে। বাংলায় মুসলমান সমাজে দুইটি পৃথক শ্রেণি বিশেষভাবে লক্ষণীয়। একটি বাংলার সীমানার বাইরে থেকে আগত অতি অল্পসংখ্যক মুসলমান, অন্যটি স্থানীয় ভাবে ধর্মান্তরিত বিপুল সংখ্যক মুসলমান। এই বিদেশি ও স্থানীয় মুসলমানদের মধ্যে কৃষ্টি ও রীতি-নীতির মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। তা সত্ত্বেও উভয়ের মধ্যে কোনো বিরোধ দেখা দেয়নি। প্রাচীন কালের বৌদ্ধদের মতো মধ্যযুগে মুসলমান শাসকদের উদারতা এবং স্থানীয় কৃষ্টি-সংস্কৃতির প্রতি পৃষ্ঠপোষকতা পরিলক্ষিত হয়।
একক কাজ: মধ্যযুগে মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি ও আচার-অনুষ্ঠানগুলো কীরূপ ছিলো?
মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

