- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
সড়ক দুর্ঘটনার কারণ
বাংলাদেশের শহরে গাড়ির সংখ্যা যে হারে বেড়েছে সে হারে দক্ষ চালক তৈরি হয়নি। অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালককে দিয়ে গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। গাড়ি চালানোর জন্য যে সকল আইন ও নিয়মনীতি রয়েছে তাও অধিকাংশ গাড়ি চালকরা জানেন না। এ কারণে তারা কখনো কখনো মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে থাকেন। বাংলাদেশে অনেকেই কম বেতনে সনদবিহীন চালক নিয়োগ দিয়ে থাকেন। এসব চালক অধিকাংশই তরুণ যারা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্য গাড়িকে ওভারটেক করে এবং বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে থাকে। এ কারণেও প্রতিদিন সড়ক দুর্ঘটনা বাড়ছে আমাদের দেশে অধিকাংশ ট্রাক চালক গাড়িতে পরিবহনসীমার অতিরিক্ত মাল বোঝাই করেন। আবার কোনো কোনো ক্ষেত্রে খালি ট্রাকে যাত্রী বোঝাই করে গন্তব্যে পৌঁছান। শোভাযাত্রা, মিছিল এবং শিক্ষার্থীরা দলেবলে যাওয়ার জন্য ট্রাক ব্যবহার করে, যা অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। আমাদের দেশে ট্রাক চালকদের একটি অংশ নেশায় আসক্ত। দূরপাল্লার পরিবহনে এসব চালকরা অনেক সময় নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালান। এ কারণেও দুর্ঘটনা ঘটে। অনেক সময় দেখা যায় যাত্রী পরিবহনে আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী, এমনকি গাড়ির ছাদেও যাত্রী বহন করা হয়। এর ফলে অনেক গাড়ি দুর্ঘটনায় পতিত হয়।
অনেক সময় স্বল্পশিক্ষিত গাড়ির মালিকগণ অতিরিক্ত লাভের প্রত্যাশায় চালকদের হাতে চলাচলের অযোগ্য ও ত্রুটিপূর্ণ গাড়ি তুলে দেন। তাছাড়া হালকা বডির গাড়ি অনেক ক্ষেত্রে মহাসড়কে চলতে দেখা যায়। এ কারণেও দুর্ঘটনা বেড়ে যায়।
আমরা অনেকেই সড়ক ব্যবহার করার নিয়মনীতি জানি না। রাস্তার কোন পাশ দিয়ে চলতে হবে, কখন পারাপার হতে হবে প্রভৃতি বিষয়ে অজ্ঞতার কারণে অনেক দুর্ঘটনা ঘটে। উদাসীন ব্যক্তি, শিশু, বৃদ্ধ, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ অনেক সময় অসতর্কভাবে রাস্তায় চলাচল করেন। কেউ কেউ মোবাইল ফোনে কথা বলতে বলতে পথ চলেন। এরূপ নানাবিধ অন্যমনস্কতা ও অসতর্কতা অনেক সময় দুর্ঘটনা ঘটায়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপ প্রয়োজন যাতে প্রশিক্ষিত লাইসেন্সধারী চালক গাড়ি চালায় ও যান্ত্রিক ত্রুটিহীন গাড়ি রাস্তায় থাকা নিশ্চিত করা প্রয়োজন ।
রাস্তার উপর হাটবাজার স্থাপন, নির্মাণসামগ্রী রাস্তায় রাখা, মহাসড়কে ধান, পাট, মরিচ শুকানো, গরু-ছাগল বেঁধে রাখা, একই রাস্তায় গাড়ি, অযান্ত্রিক যান এবং পথচারী চলাচল করার কারণেও দুর্ঘটনা ঘটে। অনেক পথচারীর জেব্রাক্রসিং এবং ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার না হওয়ার কারণে দুর্ঘটনা ঘটে।
চলন্ত অবস্থায় গাড়িচালকের সাথে কথা বলা, প্রতিযোগিতা করে গাড়ি চালানো, রাস্তায় গাড়ি বের করার পূর্বে যান্ত্রিক এটি পরীক্ষা না করা, সিটবেল্ট ও হেলমেট ব্যবহার না করা, অধিক রাতে গাড়ি চালানো এবং আইন প্রয়োগকারী সংস্থার কারও কারও দায়িত্ব পালনে অবহেলার কারণেও দুর্ঘটনা ঘটে।
আমাদের দেশে কোনো কোনো সড়কের নক্সা এবং নির্মাণে ত্রুটি রয়েছে। ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টরের কাজে উদাসীনতা এবং নানা প্রতিকূল পরিস্থিতি এ সমস্যার জন্য দায়ী। ত্রুটিপূর্ণ সড়কের কারণেও দুর্ঘটনা ঘটে থাকে।
বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার - অনন্যা প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

