- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
একাদশ শ্রেণির ছাত্রী আনিকা পাঠ্যবিষয় হিসেবে পৌরনীতির সাথে গভীরভাবে সম্পর্কিত একটি বিষয় নিয়েছে। সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে মানুষের অসীম অভাব দূর করা যায় বিষয়টি সেই শিক্ষা দিয়ে থাকে। সম্পদ, উৎপাদন, বণ্টন ব্যবস্থা, বাজেট প্রভৃতি নিয়ে বিষয়টি আলোচনা করে। বস্তুত এ বিষয়ের জ্ঞান ছাড়া নাগরিকদের কল্যাণ সাধন করা কঠিন।
আনিকা পাঠ্যবিষয় হিসেবে পৌরনীতির সাথে যে বিষয়টি নিয়েছে তার উপযোগিতা ব্যাখ্যা করো।
আলোচ্য উদ্দীপকে আনিকা পাঠ্যবিষয় হিসেবে পৌরনীতির সাথে গভীর সম্পর্কিত অর্থনীতি বিষয়টি গ্রহণ করেছে। কেননা অর্থনীতি সম্পদ, উৎপাদন, বণ্টনব্যবস্থা, বাজেট এবং সর্বোপরি সীমিত সম্পদ কাজে লাগিয়ে মানবকল্যাণের তত্ত্ব নিয়ে আলোচনা করে। প্রকৃত বাস্তবতায় অর্থনৈতিক কল্যাণ ব্যতীত কোনো ধরনের নাগরিক কল্যাণ সম্ভব নয়। দৈনন্দিন জীবনে মানুষকে বহুমুখী অভাবের সম্মুখীন হতে হয়। কিন্তু এসব অভাব পূরণের সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে কীভাবে অসীম অভাবের মধ্যে প্রয়োজনীয় অভাবগুলোকে পূরণ করা যায় তা অর্থনীতি পাঠের মাধ্যমে জানা যায়। আবার যেহেতু মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদ সীমিত, তাই এই সম্পদের সুষ্ঠু ব্যবহার আবশ্যক। অর্থনীতি সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের শিক্ষা প্রদান করে। তাছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একজন রাজনীতিবিদের অর্থনীতির জ্ঞান থাকাও আবশ্যক। আর অর্থনীতি পাঠে মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ ও সুনাগরিকের গুণাবলি বিকশিত হয়। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, পৌরনীতি ও সুশাসনের পাশাপাশি অর্থনীতি পাঠ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর।

