- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ঘটনা-১: ১৯৭১ সালের মার্চ মাসের শেষ সপ্তাহ। এক রাতে হঠাৎ গোলাগুলির শব্দ। এটি ছিল নিরস্ত্র বাঙালিদের ওপর শাসকগোষ্ঠীর আক্রমণ।
ঘটনা-২: ১৯৭১ সালের এপ্রিল মাস। রাজনৈতিক নেতৃবৃন্দ সংগঠিত হয়ে গড়ে তোলে প্রতিরোধ। একপর্যায়ে শাসকগোষ্ঠী এদেশ ছেড়ে যেতে বাধ্য হয়।
"ঘটনা-২-এ উল্লিখিত বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে।"- বিশ্লেষণ কর।
ঘটনা-২-এ উল্লিখিত বিষয়টি হলো মুজিবনগর সরকার, যা ১৯৭১ সালের ১০ এপ্রিল আওয়ামী লীগের বিজয়ী রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারা সুসংগঠিত হয়।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মুজিবনগর সরকার মুখ্য ভূমিকা পালন করে। কেননা মুজিবনগর সরকারের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়। বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত প্রথম বাংলাদেশ সরকার যথেষ্ট যোগ্যতা, দক্ষতা ও দূরদৃষ্টির সঙ্গে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে ১১ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন আদায়ের জনা মুজিবনগর সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ করে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে সমর্থন আদায় ও জনমত গঠনের চেষ্টা করেন। তার চেষ্টায় জাতিসংঘে ৪৭টি দেশের প্রতিনিধি বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধের প্রথম দিকেই মুজিবনগর সরকার দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দুটি মিশন স্থাপন করে। এছাড়াও মুজিবনগর সরকার ওয়াশিংটন, নিউইয়র্ক ও লন্ডনে বাংলাদেশ মিশন স্থাপন করে। এসব মিশন বাংলাদেশের পক্ষে মিছিল, সমাবেশ, অনুষ্ঠান, পার্লামেন্ট সদস্যদের সমর্থন আদায়, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে জনমত গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখে। অবশেষে মুজিবনগর সরকারের সাংগঠনিক নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ করে এবং বিশ্বমানচিত্রে উদিত হয় লাল-সবুজের পতাকা।
পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে মুজিবনগর সরকার মুখ্য ভূমিকা পালন করে।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত।
যৌথবাহিনী গঠন করা হয় কেন?
মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে। ভারতীয় বাহিনী মধ্য নভেম্বর থেকে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীকে কার্যকরী সহায়তা দিতে থাকে। পাকিস্তানি বাহিনীর ওপর আরও সুদৃঢ় আক্রমণের জন্য ২১শে নভেম্বর বাংলাদেশ ও ভারত সরকার একটি যৌথ কমান্ড গঠন করে। মূলত পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গতি সপ্তারের উদ্দেশ্যেই যৌথবাহিনী গঠন করা হয়।
ঘটনা-১ দ্বারা বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত। করে? ব্যাখ্যা কর।
ঘটনা-১ দ্বারা ১৯৭১ সালের বাংলাদেশের ঐতিহাসিক ২৫শে মার্চ কালরাত্রির গণহত্যার ঘটনাকে ইঙ্গিত করে, যা ইতিহাসে অপারেশন সার্চলাইট নামে পরিচিত।
এ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। হত্যা করে বহু মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ চালিয়ে হত্যা করে অসংখ্য ছাত্র-শিক্ষককে। একইভাবে গণহত্যা চালায় পুরনো ঢাকা, কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে, রায়ের বাজার, ধানমন্ডি, কলাবাগান প্রভৃতি স্থানে। ঢাকার বাইরে সারাদেশে সেনানিবাস, ইপিআর, ঘাঁটিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালি সেনাকে হত্যা করে। সে রাতেই ঢাকায় ৭ থেকে ৮ হাজার মানুষকে হত্যা করা হয়। ২৫শে মার্চ রাত দেড়টায় (২৬শে মার্চের প্রথম প্রহরে) বঙ্গবন্ধুকে তার ৩২ নম্বর ধানমন্ডির বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে। একই ধরনের বর্ণনা উদ্দীপকের ঘটনা-১-এ বিবৃত হয়েছে। এখানে ১৯৭১ সালের মার্চ মাসের শেষ সপ্তাহের এক মধ্য রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর শাসকগোষ্ঠীর আক্রমণের ঘটনা বর্ণিত হয়েছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ দ্বারা ২৫শে মার্চ কালরাত্রির গণহত্যার ঘটনাকেই ইঙ্গিত করা হয়েছে।

