- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
"কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছু দিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোন রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গিয়াছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে, সেই জন্যই তাড়া।"
উদ্দীপকের কন্যার বাপের সাথে 'অপরিচিতা' গল্পের অনুপমের মামার সাদৃশ্য দেখাও।
উদ্দীপকের কন্যার বাপ যেমন যোগ্য বর খুঁজে পাওয়ার অপেক্ষায় কন্যার বয়স বাড়িয়ে তুলেছেন, তেমনি মামার খুঁতখুঁতে স্বভাবের কারণে অনুপমকেও বিয়ে করতে বিড়ম্বনায় পড়তে হয়েছে।
বিয়ে এমন এক সামাজিক রীতি, যা যথাসময়ে সম্পন্ন হওয়াই উত্তম। কিন্তু পাত্রপক্ষের পণের লোভ বা পারিবারিক গরিমা অনেক ক্ষেত্রে যোগ্য পাত্রীর সন্ধানকে বিলম্বিত করে তোলে। আবার বিপরীতক্রমে মহার্য বরের হাটে যোগ্য বর খুঁজে পেতেও কন্যার বাবাকে হিমশিম খেতে হয়। আর যদি কন্যা বা বরের অভিভাবকগণ হন খুঁতখুঁতে স্বভাবের, তাহলে তো ভোগান্তির কোনো শেষই থাকে না।
আমাদের সমাজে যথাসময়ে মেয়ের বিয়ে প্রদানকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। সমাজ নির্ধারিত 'বিবাহের বয়স' পার হয়ে গেলে মেয়ের বাবাকে 'কন্যাদায়গ্রস্ত পিতা' বিবেচনা করা হয়। কিন্তু আমাদের দেশে যোগ্য বর এমনিতেই দুষ্প্রাপ্য তার উপর কন্যার বাবা যদি বরসন্ধানে যথেষ্ট সক্রিয় না হন তাহলে কন্যার বয়স অবৈধ রকমে বেড়ে যায় বটে। উদ্দীপকে এমনই এক আপাত উদাসীন বাবার পরিচয় পাওয়া যায়, যিনি যোগ্য বর খুঁজে পাওয়ার অপেক্ষায় বোধ করি অনন্তকাল অপেক্ষা করতে পারতেন। কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব কন্যার বয়সের চেয়ে কিঞ্চিত উপরে থাকায় বরপক্ষ আর বিলম্ব করতে রাজি হয়নি। 'অপরিচিতা' গল্পে এমনই 'সবুর করে চলা'র মানসিকতা দেখা যায় অনুপমের মামার চরিত্রে। তিনি এমন কনে চান, যার বাবা ধনী নয়, অথচ যে পণের টাকা পরিশোধ কল্পে সর্বস্ব বিলিয়ে দিতে ইতস্তত করবে না। এমন শর্ত মেনে কনে পাওয়া দুষ্কর, তবুও সেখানে দেখা যায় অনুপমের তাড়া উপেক্ষা করে তার মামা কেবলই অপেক্ষা করে চলেছেন। সুতরাং বলা যায়, উদ্দেশ্য ভিন্ন হলেও বিয়ের ক্ষেত্রে 'ধীরে' চলো নীতি'ই উদ্দীপকের কন্যার বাপের সাথে গল্পের অনুপমের মামাকে একসূত্রে গ্রন্থিত করেছে।

