- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পাঠ শেষ করতে করতেই আমার বোনের অনেক বয়স হয়ে যায়। তিন তিনবার তার বিয়ের সম্বন্ধ ভেঙে যাবার পর কেমন যেন হতাশ হয়ে পড়ি। একদিন তাকে ডেকে বলি, 'সানজিদা, কাল-বাসায় একটি নতুন বরপক্ষ তোকে দেখতে আসবে।' শুনে ওর চেহারা কঠিন হয়ে ওঠে, বলে, 'তুই শুধু শুধু ব্যস্ত হচ্ছিস তপন, প্রতিবন্ধীদের নিয়ে আমার যা কাজ তা জীবনভর শেষ হবার নয়'।
উদ্দীপকটিতে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্য কতটুকু প্রতিফলিত হয়েছে?
উদ্দীপকটিতে 'অপরিচিতা' গল্পের মূল বক্তব্যের আংশিক প্রতিফলন ঘটেছে।
'অপরিচিতা' গল্পটি বিশ শতকের সূচনালগ্নের সমাজবাস্তবতার প্রেক্ষাপটে রচিত। এই গল্পে যৌতুক প্রথার ঘৃণিত রূপ যেমন ফুটে উঠেছে, তেমনি আছে এর বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতাও।' তবে এসব কিছু ছাপিয়ে গল্পটির মূল বক্তব্য হিসেবে পুরুষতন্ত্রের অমানবিকতার বিরুদ্ধে নারী জাগরণের বার্তাই স্পষ্ট হয়ে উঠে। উদ্দীপকের নারী অবমাননার বিরুদ্ধে সানজিদার প্রতিবাদ এই বক্তব্যের একটি বিশেষ দিক তুলে ধরে।
উদ্দীপকের উচ্চ শিক্ষিত সানজিদার তিন তিনবার বিয়ে ঠিক হলেও প্রতিবারই তা ভেঙে যায়। বর্তমান পৃথিবী একবিংশ শতকে প্রবেশ করলেও পুরুষতান্ত্রিক মানসিকতায় যে খুব একটা পরিবর্তন আসেনি এই ঘটনাই তার প্রমাণ। কেননা, আজও কনের শিক্ষা-দীক্ষাকে নয়, বয়স কম থাকাকেই অধিক গুরুত্ব দেওয়া হয়। তা ছাড়া নারীর শিক্ষা তার আত্মনির্ভরতার শক্তি, আর একই কারণে তা পুরুষতন্ত্রের পক্ষে কাঁটা। উদ্দীপকের সানজিদা বার বার নারীত্বের অবমাননা সয়েও বরপক্ষের মুখোমুখি হয়েছে আর অপমানের নীল যন্ত্রণায় পুড়েছে। তাই এই বলয় থেকে বেরিয়ে এসে সে আত্মনির্ভরশীল হওয়ার দীক্ষা নিয়েছে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে বাকি জীবনটুকু কাটিয়ে দিতে চায় সে। সানজিদার এই দেশচেতনা ও আত্মাভিমান ভবিষ্যতের নতুন নারীর ইঙ্গিতবহ। 'অপরিচিতা' গল্পটিও এক নারীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে নতুন এক সময়ের আশু আবির্ভাবের সংকেতবহ হয়ে উঠেছে। কিন্তু গল্পটিতে তার এই জাগরণের পটভূমি রূপে পুরুষতন্ত্রের যে অমানবিকতার বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে তা উদ্দীপকে অনুপস্থিত। যৌতুক নিয়ে কল্যাণীর চরম অবমাননাকালে তার ব্যক্তিত্বরহিত বর পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল হয়ে থেকেছে। নিঃসন্দেহে এই যৌতুক প্রথা পুরুষতন্ত্রেরই এক নির্মম হাতিয়ার, যার কোনো উল্লেখ উদ্দীপকে পাওয়া যায় না।
পরিশেষে বলা যায়, উদ্দীপকটিতে 'অপরিচিতা' গল্পের একটি বিশেষ ভাব উঠে এলেও এর পূর্ণাঙ্গ বক্তব্য প্রতিফলিত হয়নি।

