ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন

প্রিপারেশন

২৭ নভেম্বর, ২০২৫

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন বা আন্ত-সংসদীয় ইউনিয়ন (IPU) হলো পার্লামেন্ট সদস্যদের আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এটি রাজনৈতিক বহুমুখী আলোচনার জন্য প্রথম স্থায়ী ফোরাম। ব্রিটিশ নাগরিক উইলিয়াম র‍্যান্ডাল ক্রেমার এবং ফ্রান্সের ফ্রেডেরিক প্যাসি IPU'র স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা। ৩১ অক্টোবর ১৮৮৮ তারা প্রথম প্যারিসে এই ধরনের একটি সংগঠন প্রতিষ্ঠার জন্য বৈঠক করেন। ৩০ জুন ১৮৮৯ লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়। যার প্রতিষ্ঠাকালীন নাম ছিল Inter-Parliamentary Conference for International Arbitration। ১৯০৫ সালে নামকরণ করা হয় Inter-Parliamentary Union (IPU)। ১৬ সেপ্টেম্বর ১৯৯৭IPU কর্তৃক গৃহীত হয় Universal Declaration on Democracy। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি ছিল স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য। পরে এটি সার্বভৌম রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরিত হয়। হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতের ধারণাও এই IPU থেকেই জন্ম নেয়।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • সকল দেশের সংসদ ও সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ, সমন্বয় এবং অভিজ্ঞতা বিনিময়কে উৎসাহিত করা।
  • আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন প্রতিষ্ঠায় সংসদীয় অংশগ্রহণ বৃদ্ধি করা।
  • বৈশ্বিক আইন ও নীতি নির্ধারণে সংসদীয় ভূমিকা জোরদার করা।
  • পার্লামেন্টে নারী ও যুবক প্রতিনিধিত্ব বাড়ানো।
  • সংলাপ ও মধ্যস্থতার মাধ্যমে দ্বন্দ্ব সমাধান করা।

IPU ও বাংলাদেশ

৩১ আগস্ট ১৯৭১ বাংলাদেশের তৎকালীন প্রবাসী সরকারের প্রতিনিধি বিচারপতি আবু সাঈদ চৌধুরী IPU'র প্রেসিডেন্ট ফ্রান্সের আঁদ্রে চন্দরনগরের কাছে চিঠি লেখেন। চিঠিতে তিনি ১৯৭১ সালের সেপ্টেম্বরে IPU'র ৫৯তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদের যোগদানের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। ১৮-২৫ সেপ্টেম্বর ১৯৭২ ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত IPU'র ৬০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ১৯৭৫ সালে সদস্যপদ প্রত্যাহার করলেও ১৯৮৬ সালে পুনরায় যোগদান করে। এরপর ১৮ এপ্রিল ২০০৮-৬ এপ্রিল ২০০৯ সদস্যপদ স্থগিত ছিল। ১৬ অক্টোবর ২০১৪ সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় IPU'র ১৩১তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবের হোসেন চৌধুরী। এরপর ১-৫ এপ্রিল ২০১৭ IPU'র ১৩৬তম সাধারণ অধিবেশন বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয়।

অধিবেশন

IPU বর্তমানে প্রতিবছর সাধারণ অধিবেশন আয়োজন করে। একটি সম্মেলন হয় সদর দপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ও অন্যটি IPU'র গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তে আঞ্চলিক কোনো রাষ্ট্রে।

  • অধিবেশন প্রথম: ২৯-৩০ জুন ১৮৮৯; (প্যারিস, ফ্রান্স) ১৩৬তম ১-৫ এপ্রিল ২০১৭ (ঢাকা, বাংলাদেশ) ১৫০তম ৫-৯ এপ্রিল ২০২৫ (তাসখন্দ, উজবেকিস্তান) ১৫১তম ১৯ অক্টোবর-২৩ অক্টোবর ২০২৫ (জেনেভা, সুইজারল্যান্ড)।

ক্রেমার-প্যাসি পুরস্কার

২০২২ সালে IPU'র প্রতিষ্ঠাতা উইলিয়াম ব‍্যান্ডাল ক্রেমার ও ফ্রেডেরিক প্যাসি'র নামে ক্রেমার-প্যাসি পুরস্কার প্রবর্তন করা হয়। এটি সংসদ সদস্যদের দেওয়া হয়, যারা IPU'র লক্ষ্য ও উদ্দেশ্য যেমন-শান্তি, সমতা, টেকসই উন্নয়ন ও বিশ্ব ঐক্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

বিশ্ব পার্লামেন্ট দিবস

৩০ জুন বিশ্ব পার্লামেন্ট দিবস (International Day of Parliamentarism)। ২৩ মে ২০১৮ জাতিসংঘের সাধারণ পরিষদ IPU'র প্রতিষ্ঠার দিন ৩০ জুনকে আন্তর্জাতিক বিশ্ব পার্লামেন্ট দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটি গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর হিসেবে সংসদের গুরুত্বকে স্বীকৃতি দেয় এবং তাদের শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও প্রতিনিধিত্বশীল হতে উৎসাহিত করে।

FACT FILE

  • পূর্ণরূপ: Inter Parliamentary Union
  • প্রতিষ্ঠা: ৩০ জুন ১৮৮৯।
  • সদর দপ্তর : জেনেভা, সুইজারল্যান্ড (প্রথম সদর দপ্তর ছিল বার্ন, সুইজারল্যান্ড)।
  • দাপ্তরিক ভাষা: ইংরেজি ও ফরাসি।
  • অঙ্গ সংগঠন : ৪টি অ্যাসেম্বলি, গভর্নিং কাউন্সিল, এক্সিকিউটিভ কমিটি ও সচিবালয়।
  • কার্যনির্বাহী কমিটির প্রধান : প্রেসিডেন্ট
  • মেয়াদকাল : ৩ বছর
  • প্রথম প্রেসিডেন্ট : অগাস্ট বেয়ারনার্ট (বেলজিয়াম); ১৯০৯-১৯১২
  • প্রথম নারী প্রেসিডেন্ট : নাজমা হেপতুল্লা (ভারত); ১৯৯৯-২০০২
  • বর্তমান প্রেসিডেন্ট : তুলিয়া অ্যাকসন (তানজানিয়া); ২৭ অক্টোবর ২০২৩-বর্তমান।
  • প্রধান নির্বাহী কর্মকর্তা : মহাসচিব
  • মেয়াদকাল: ৪ বছর
  • প্রথম মহাসচিব : চার্লস আলবার্ট গোবাট (সুইজারল্যান্ড); ১৮৯২-১৯০৯
  • বর্তমান মহাসচিব: মার্টিন চুংগং (ক্যামেরুন); ১ জুলাই ২০১৪-বর্তমান।
  • বর্তমান সদস্য : ১৮১
  • বাংলাদেশের সদস্যপদ লাভ : ১৯৭২
  • সর্বশেষ সদস্য: বেলিজ (৬ এপ্রিল ২০২৫)
বিষয় : আন্তর্জাতিক বিষয়াবলী
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন | Uddoyon