• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের প্রশ্ন ও সমাধান

  • পিএসসি ও অন্যান্য ২০২৫
  • বাংলা
Back

ভাব-সম্প্রসারণ করুন: বই কিনে কেউ দেউলিয়া হয় না

মূলভাব: বই ক্রয়ে সামান্য অর্থ ব্যয় হলেও তা থেকে অর্জিত জ্ঞানের মূল্য অসামান্য। আর্থিক মূল্যে নয়, সাংস্কৃতিক রুচির বিচারে বই কেনা উত্তম কর্ম।

সম্প্রসারিত ভাব: সভ্যতার প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ জ্ঞান সাধনার মাধ্যমে পৃথিবীকে বসবাস উপযোগী করে আসছে। জ্ঞান সাধনা একটা নিরন্তর ঘটনা। জ্ঞান মানুষের পরম ধন। আর জ্ঞান অর্জনের একটি অন্যতম উপায় হলো বই পড়া। বই পড়ার মাধ্যমে মানব মনের সুকুমার বৃত্তিসমূহের পরিপূর্ণ বিকাশ ঘটে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিদের মজ্জাগত চেতনা ও সৃষ্টির অবলম্বন হলো বই। সুদূর অতীতের জানা-অজানা বিষয়গুলো পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয় বই। তবে এই বইটিকে অবশ্যই সৃজনশীল ও নিরীক্ষাধর্মী হতে হবে। একটি সৃজনশীল বই জ্ঞানের আধার, চির যৌবনা ও চির অমলিন আনন্দের উৎস। বইয়ের মূল্য এত বেশি যে, পারস্য কবি ওমর খৈয়াম স্বর্গেও বই নিয়ে যেতে চেয়েছেন। আবার দার্শনিক টলস্টয় বলেছেন, 'জীবনে তিনটি বস্তুই বিশেষভাবে প্রয়োজন তা হচ্ছে বই, বই এবং বই।' কিন্তু বই কিনতে হলে বিনিময় মূল্য হিসেবে আমাদের অর্থ ব্যয় করতে হয়। অনেকেই একে অপচয় মনে করেন। খেয়ালের বশবর্তী হয়ে মানুষ নানা কাজে অর্থব্যয় করে থাকে, শুধু বই ক্রয়েই তাদের অনাগ্রহ। জীবনে সাফল্য লাভের জন্য কঠিন সাধনা ও কর্ম সম্পাদন করতে হয়। এ কর্মসাধনের জন্য প্রয়োজন উপযুক্ত মেধা, প্রচেষ্ঠা ও জ্ঞান। সামান্য অর্থ ব্যয় করে বইয়ের রাজ্য থেকে জ্ঞান অর্জন করে জীবনকে সমৃদ্ধ করা যায়। এক্ষেত্রে ব্যয়িত অর্থের তুলনায় অর্জিত জ্ঞান কয়েকগুণ বেশি মূল্যবান। এ জ্ঞানকে কাজে লাগিয়ে জগতের অন্যান্য সম্পদের সন্ধান করা যায়। তাই বইয়ের জন্য ব্যয়িত অর্থ অপচয় নয়, বরং তা জীবনের সাফল্য লাভের পাথেয়। জীবনের অধিকাংশ সম্পদই ভোগের সাথে সাথে নিঃশেষ হয়ে যায় কিন্তু একটি বইয়ের আবেদন কখনও কমে না। বই যুগের সাথে যুগের বন্ধন তৈরি করে। প্রাচীনকাল থেকে বর্তমানের সাথে সংযোগ স্থাপন করে বই। বইয়ের মাধ্যমে আমরা মনের আনন্দ পেয়ে থাকি। তাই বই কেনার ব্যাপারে আমাদের অহীনা প্রকাশ করা ঠিক না। বাস্তব জগতে দেখা যায় যে জাতি যত বেশি বইপ্রেমী, সে জাতি তত বেশি উন্নত। বর্তমান জগতে টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। বই পাঠের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমৃদ্ধি অর্জন করাই আমাদের লক্ষ্য। বইয়ের মূল্য প্রতিষ্ঠা করতে গিয়ে কবি বলেছেন, "রুটি মদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে কিন্তু একখানি বই থাকবে অনন্ত যৌবনা।"

মন্তব্য: আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। বই হতে পারে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধন। তাই বই কিনতে কার্পণ্য করা অনুচিত।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ