- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- চারু ও কারুকলার পরিচয়
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
কারুকলার পরিচয়
বিভিন্নরকম নকশায় যেসব আসবাবপত্র তৈরি হয় সবই কারুশিল্প। বাঁশ, বেত দিয়ে আসবাবপত্র তৈরি হচ্ছে। বাংলাদেশের বেতের চমৎকার সব কারুশিল্প দেশে ও বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছে। আমাদের দেশের অনেক শৌখিন পরিবারে, নামকরা হোটেল-রেস্তোরাঁয়, সরকারি-বেসরকারি অফিস ও অতিথিশালায় বেতের তৈরি কারুশিল্পমণ্ডিত আসবাবপত্র সমাদর পাচ্ছে। জাদুঘরে গেলে কারুকলা বিষয়ের সঙ্গেও তোমাদের পরিচয় ঘটবে। ঘর-বাড়ির বড় বড় দরজার ওপর রয়েছে কাঠ খোদাই করে নানারকম ছবি, নকশা, ফুল, পাতা, পাখি, জীবজন্তু। বড় বড় খাট, পালঙ্ক ও বিছানায় দেখতে পাবে অনেক ধরনের কারুকাজ ও নকশা।
আমাদের সামাজিক জীবনযাপনে ও পারিবারিক জীবনযাপনে ব্যবহৃত বহু বস্তুসামগ্রী রয়েছে, যা কারুশিল্প। গ্রামীণ জীবনে দা, কুড়াল, লাঙল, কাস্তে, বাখারি, মাটির হাঁড়ি-পাতিল ইত্যাদি সবই কারুশিল্প। কারুশিল্পের পাশাপাশি রয়েছে সাধারণ মানুষদেরই তৈরি অন্যান্য শিল্প, যা লোকশিল্প হিসেবে পরিচিত। সোনা-রুপার তৈরি নানারকম অলংকার, নকশিকাঁথা, মাটির পুতুল, চিত্রিত কাঠের পুতুল, (হাতি, ঘোড়া, মানুষ ইত্যাদি) আমাদের লোকশিল্পের নিদর্শন।
নববর্ষ, ঈদ, পূজা, বৌদ্ধপূর্ণিমা বা বড়দিন উপলক্ষ্যে শহরে ও গ্রামে মেলা বসে। মেলা উপলক্ষ্যে কারুশিল্প ও লোকশিল্পের সমারোহ দেখা যায়। গান-বাজনার জন্য যেসব বাদ্যযন্ত্র তৈরি হয়, যেমন- একতারা, দোতরা, তবলা, বায়া, সারেঙ্গী, সেতার, ডুগডুগি, নানারকম বাঁশি, ঢোল ইত্যাদি বাদ্যযন্ত্র কারুশিল্প। তবে এসব বাদ্যযন্ত্রের গায়ে যেসব নকশা ও ছবি আঁকা হয়, সেগুলো আবার লোকশিল্প। মাটির হাঁড়ি-পাতিল, কাঁসা ও পেতলের হাঁড়ি-পাতিল তৈরি করা হলো কারুশিল্প।
পাটি তৈরির জন্য মূর্তা নামে একপ্রকার বিশেষ গাছ থেকে সরু সরু নরম ফিতা বের করে, বেশ পরিশ্রম করে শীতলপাটি তৈরি করা হয়। এসব পাটিতে নানারকম জীবজন্তু, ঘর-বাড়ি, ফুল ও গাছের নকশা বুননের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। সুন্দর সুন্দর বাণী ও কথা ফুটিয়ে তোলা হয়। এই পাটি কারুশিল্প ও লোকশিল্পের মিশ্রিত রূপ। এ ধরনের আরও অনেক শিল্পবস্তু রয়েছে। যেমন- শখের হাঁড়ি, পোড়ামাটির টেপা পুতুল ও অন্যান্য পুতুল, লক্ষ্মীসরা- এগুলো লোকশিল্প।
পাট দিয়ে গ্রামের মেয়েরা অনেককাল আগেই শিকা তৈরি করত। শিকাতে পাট দিয়ে নানারকম বেণিসহ অনেক কারুকাজ থাকে। আজকাল পাটের আঁশ দিয়ে অনেক রকম কারুকাজ করা শিল্পকর্ম তৈরি হচ্ছে এবং মানুষ আনন্দের সঙ্গে সেগুলো ব্যবহার করছে। যেমন- ছোট-বড় ও শৌখিন জিনিসপত্র বিভিন্ন ব্যাগ, টেবিলম্যাট, মেঝেতে বিছানোর জন্য নানারকম ম্যাট, জুতা, স্যান্ডেল, ফাইল, বাক্স ইত্যাদি
চারু ও কারুকলার পরিচয় - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

