• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলামি শিক্ষা ও সংস্কৃতি
ইসলামি শিক্ষা ও সংস্কৃতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

ইসলামে জ্ঞান অর্জনের প্রতি অপরিসীম গুরুত্বারোপ করা হয়েছে। কুরআন মজিদের প্রথম বাণীতেই নির্দেশ দেয়া হয়েছে ইকরা অর্থাৎ পড়, জ্ঞান অর্জন কর। শিক্ষা তথা জ্ঞান আল্লাহর দান। ইসলাম জ্ঞান অর্জনের ব্যাপারে কী পরিমান গুরুত্বারোপ করে তা মুসলিম জাতির ইতিহাস পড়লেই বোঝা যায়। এ শিক্ষার বা জ্ঞান অর্জনের বদৌলতে মুসলিম জাতি জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেছিল।

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি প্রচারে মহানবি (স) কী অবদান রেখেছিলেন? বিশ্লেষণ কর।

ইসলামে জ্ঞান-বিজ্ঞান চর্চা ও শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য জীবজন্তু ও সৃষ্টির ওপর মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো মানুষ জ্ঞানচর্চা করে, অন্যরা করে না। সৃষ্টির উষালগ্নে ফেরেশতাদের ওপর মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার মূলেও ছিল জ্ঞান। সুষ্ঠু-সুন্দর, স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য জ্ঞান অনিবার্য।

মহাগ্রন্থ আল-কুরআনের বিপুলসংখ্যক আয়াতে, রাসুলুল্লাহ (স)-এর বিভিন্ন হাদিসে জ্ঞানার্জনের নির্দেশ ও প্রয়োজনীয়তা বিবৃত হয়েছে। আর এ ব্যাপারে রাসুল (স.) সদা তৎপর ছিলেন।

উদ্দীপকে উল্লেখিত শিক্ষা প্রচারে মহানবি (স.) অসামান্য অবদান রেখেছিলেন। কুরআন মজিদ ও হাদিস শরিফের বাণীতেই শুধু শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা হয়নি; শিক্ষা বিস্তারের জন্য মহানবি (স.) কতগুলো বাস্তব ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। ইসলামের একেবারে প্রাথমিক যুগেই তিনি মক্কায় হযরত আরকাম (রা.)-এর বাড়িতে 'দারুল আরকাম' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এখানে নওমুসলিমগণ গোপনে শিক্ষাগ্রহণ করতেন। এছাড়া যখনই কোনো গোত্রের লোক ইসলাম গ্রহণ করত তখনই তাদের শিক্ষা দেওয়ার জন্য সাহাবিদের শিক্ষক হিসেবে পাঠাতেন।

মদিনায় হিজরতের পর মসজিদে নববি জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল। মহানবি (স.) মসজিদে নববি সংলগ্ন স্থানে 'সুফফা' নামের একটি আবাসিক প্রতিষ্ঠানও গড়ে তোলেন। আবার তিনি শিক্ষা বিস্তারের জন্য ইসলামি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সাহাবিদের পাঠাতেন।

উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, শিক্ষা বিস্তারে রাসুল (স.) অপরিসীম ভূমিকা পালন করেন। মহানবি (স.)-এর জীবদ্দশাতেই শিক্ষা ব্যবস্থার যে সূচনা হয়েছিল তাই পরবর্তীকালে বাগদাদ, কায়রো এবং কর্ডোভায় বিশ্ববিদ্যালয়ের রূপ পরিগ্রহ করেছিল।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()