- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- প্রাক ইসলামি আরব
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
খুলনা বালিয়াঘাটা অঞ্চলের মাটি খুবই উর্বর। কিন্তু প্রতিবছর বন্যা হওয়ায় পশুর নদীর পানি ঢুকে এ অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ সমস্যা দূর করার জন্য এলাকাবাসী স্থানীয় ভাইস চেয়ারম্যান এর বাসায় একত্রিত হয়। চেয়ারম্যান সাহেব তখন এলাকাবাসীকে বললেন, প্রাচীনকালেও কোনো এক সভ্যতার মানুষেরা এ জাতীয় সমস্যার মোকাবিলা করেছিল। ফলে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসে, যা স্থানীয় সংস্কৃতি ও স্থাপত্য কলার বিকাশে ভূমিকা রাখে।
প্রাচীন সভ্যতা বিকাশে নদীর অবদান উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
প্রাচীন সভ্যতা বিকাশে নদীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে- উদ্দীপক এবং প্রাচীন সভ্যতাগুলো বিকাশের ইতিহাস পর্যালোচনা করলে আমরা এর প্রমাণ পাই। আমরা জানি যেকোনো সভ্যতার উদ্ভব ও বিকাশে যোগাযোগব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীনকালে জলপথ ছাড়া যাতায়াতের কোনো মাধ্যম ছিল না। বিকল্প যাতায়াত মাধ্যম না থাকায় মানুষ জীবিকার জন্য জলপথের ওপর নির্ভর করত। এছাড়া নদীতে মৎস্যচাষ, নদীর অববাহিকার প্লাবিত হয়ে মাটিতে ভরে যাওয়ার ফলে ফসল উৎপাদন এবং শিল্প কারখানার কাজে ব্যবহার করার জন্য মানুষ নদীর তীরকেই সভ্যতা নির্মাণের উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করত। মিসরের দিকে তাকালে দেখা যায়, এখানকার মানুষ নীল নদের উভয় তীরে বাঁধ নির্মাণ করে নদীকে শাসন করে। ফলে এখানে যাতায়াত, মৎস্যচাষ, পশুপালন, ফসলাদি উৎপাদন, এবং জনপদ রক্ষা করা সম্ভব হয়েছে। ফলে এখানে এক উন্নত সভ্যতা গড়ে ওঠে। আবার রোমান সভ্যতা বিকাশের ক্ষেত্রে আমরা টাইবার নদীর অবদান দেখতে পাই। এছাড়া মিসরীয় সভ্যতার সমসাময়িককালে ইরাক অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার উন্মেষ ঘটে। এগুলোকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলে। এই মেসোপটেমীয় সভ্যতায় ফোরাত এবং দজলা নদীর প্রভাব লক্ষণীয়। নদীর গুরুত্বপূর্ণ ভূমিকার ফলে এসব সভ্যতার শিক্ষা-সংস্কৃতি, শিল্প, স্থাপত্যকলা উন্নত পর্যায়ে স্থান লাভ করে। ফলে এসব সভ্যতা দ্রুতগতিতে বিকশিত হয়। উদ্দীপকেও খুলনার বালিয়াঘাটা ও এর পার্শ্ববর্তী গ্রামগুলোতে পশুর নামক একটি নদী গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সরকার এ নদীতে বাঁধ নির্মাণ করার ফলে এর তীরবর্তী এলাকা বন্যামুক্ত হয়েছে এবং পরিকল্পিত সেচ প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে। উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায় যে, মানব সভ্যতা বিভিন্ন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং বিকশিত হয়। তাই সভ্যতার বিকাশে নদীর অবদান অপরিসীম।

