• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ইসলাম ও ব্যক্তিজীবন
ইসলাম ও ব্যক্তিজীবন

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রফিক মিয়া দুর্ঘটনায় একটি পা হারিয়ে ফেলে। তাই স্বাভাবিকভাবে তার চলাফেরা ও আয়-রোজগার বন্ধ হয়ে যায়। এতে স্ত্রী-পুত্র নিয়ে বেকায়দায় পড়লে বিশিষ্ট শিল্পপতি আরিফ চৌধুরী নিজের প্রতিষ্ঠানে তার চাকরির ব্যবস্থা করেন এবং তার প্রতি সদয় আচরণ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। তাছাড়া তিনি রফিক মিয়ার সন্তানের পড়ালেখার খরচও বহন করার ঘোষণা দেন। কিন্তু ম্যানেজার প্রতিষ্ঠানের ক্ষতির কথা চিন্তা করে তাকে কোনোরূপ ছাড় দেয় না। একটু ভুল হলেই উপহাস ও ব্যঙ্গ-বিদ্রুপ করে। রফিক মিয়া কোনো প্রতিবাদ না করে নীরবে অশ্রু ঝরায়।

রফিক মিয়ার প্রতি আরিফ চৌধুরীর আচরণের মূল্যায়ন করো।

রফিক মিয়ার প্রতি আরিফ চৌধুরীর সহানুভূতিশীল আচরণ ইসলাম ও মানবিক দৃষ্টিকোণ থেকে যথার্থ।

ইসলাম মানবতা ও শান্তির ধর্ম। সব মানুষ এক আল্লাহর সৃষ্টি। আর মানুষ হিসেবে সবার অধিকার ও মর্যাদা সমান। তাই একজন সুস্থ-স্বাভাবিক মানুষের যেসব সুযোগ-সুবিধা ও মর্যাদা প্রাপ্য, একজন প্রতিবন্ধীর ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আমাদের সমাজে বিভিন্ন প্রকার প্রতিবন্ধী রয়েছে। কারো হাত বা পা নেই, আবার কারো চোখ নেই।

প্রতিবন্ধী বলে তাদেরকে ঠাট্টা-বিচুপ বা কোনো কিছু থেকে বঞ্চিত করা যাবে না। তাদের সাথে ভালো আচরণ করা এবং তাদের কাজে সহযোগিতা করা আমাদের ধর্মীয় ও নৈতিক কর্তব্য। মানুষের সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন আর মানুষের প্রতি অবজ্ঞা বা নিষ্ঠুর আচরণ করলে তিনি অসন্তুষ্ট হন। রাসুল (স) বলেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন; সুতরাং আল্লাহর কাছে সে ব্যক্তিই প্রিয়, যে তার পরিজনের প্রতি বেশি অনুগ্রহশীল" (মিশকাত)। তিনি আরো

বলেন, "তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি (আল্লাহ) তোমাদের দয়া করবেন" (তিরমিযি)। ইসলামের এ নির্দেশনার বাস্তবায়ন আরিফ চৌধুরীর আচরণে ফুটে ওঠেছে।

উদ্দীপকের রফিক মিয়া দুর্ঘটনায় একটি পা হারিয়ে তার স্বাভাবিক চলাফেরা ও আয়-রোজগার বন্ধ হয়ে যায়। এতে স্ত্রী-পুত্র নিয়ে বেকায়দায় পড়লে শিল্পপতি আরিফ চৌধুরী তাকে নিজের প্রতিষ্ঠানে চাকরি দেন এবং তার প্রতি সদয় আচরণ করতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন। এমনকি তিনি রফিক মিয়ার সন্তানের পড়ালেখার খরচ বহন করারও ঘোষণা দেন। রফিক মিয়া ও তার পরিবারের প্রতি আরিফ চৌধুরীর এ ধরনের মানবিক কর্মকাণ্ড ধর্মীয় ও নৈতিকতার দিক থেকে প্রশংসনীয়।

পরিশেষে বলা যায়, একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার জন্য আরিফ চৌধুরীর মতো সমাজের ধনী ব্যক্তিদের মানুষের সেবা ও সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()