- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- আকাইদ ও নৈতিক জীবন
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
জনাব আ. রহিম তার একটি ক্লাসে আলোচনা করতে গিয়ে বলেন, মহান আল্লাহ পাক যুগে যুগে কিছু মহামানব পাঠিয়েছিলেন যারা পথভোলা মানুষদেরকে সঠিক পথ দেখাতেন। অপরদিকে জনাব রিফাত তার ছাত্র-ছাত্রীদেরকে বলেন, পরকালীন জীবনে একটি স্তর আছে যেখানে সকল মানুষ একত্রিত হয়ে আল্লাহর বিচারের অপেক্ষা করবে। এমতাবস্থায় একমাত্র মহানবি (স.) সকলের পক্ষে আল্লাহর নিকট অনুরোধ করার মাধ্যমে বিচার কাজ শুরু হবে। ঐ ক্লাসের এক ছাত্র তমাল বলল, "সেই দিনের মহানবি (স.)-এর অনুরোধ মুসলিম ও মুমিনদের জন্য এক বিশেষ নিয়ামত।"
জনাব আ. রহিমের আলোচনায় আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
জনাব আ. রহিমের আলোচনায় আকাইদের অন্যতম বিষয় রিসালাতের পরিচয় ফুটে উঠেছে।
রিসালাত অর্থ বার্তা, চিঠি ইত্যাদি। মহান আল্লাহ তায়ালার পবিত্র বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলে। যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তাকে রাসুল বলা হয়। আল্লাহ তায়ালা যুগে যুগে বহু নবি-রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন। তারা মানুষকে সত্য ও সুন্দর পথের দিকে আহ্বান করতেন, যা জনাব আ. রহিমের আলোচনায়ও প্রকাশ পেয়েছে।
উদ্দীপকে আ. রহিম তার শ্রেণিতে আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাহ তায়ালা যুগে যুগে কিছু মহামানব পাঠিয়েছিলেন, যারা পথভোলা মানুষদেরকে সঠিক পথ দেখাতেন। তার এ বক্তব্যে রিসালাতের পরিচয় পাওয়া যায়। রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে নবি-রাসুলগণ মানুষকে আল্লাহ তায়ালার ইবাদতের প্রতি আহ্বান করতেন। তাদেরকে সত্য ও সুন্দর পথে ডাকতেন। পৃথিবীতে আল্লাহ তায়ালার বিধান বাস্তবায়নের জন্য তারা পথভোলা মানুষকে সঠিক পথের সন্ধান দিতেন। সুতরাং বলা যায়, জনাব আ. রহিমের আলোচনায় রিসালাতের পরিচয় ফুটে উঠেছে।

