- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অপরিচিতা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ডাক্তার অপূর্ব রংপুর বাসস্টপেজে দাঁড়িয়ে দেখতে পেলেন একটি স্কুল বাসে একজন শিক্ষিকা শিক্ষার্থীদের ছড়া গান শেখাতে শেখাতে নিয়ে যাচ্ছেন। শিক্ষিকাকে তার চেনা চেনা মনে হলো। তার সঙ্গেই কি অপূর্বের বিয়ে হবার কথা ছিল? অপূর্বের কৌতূহল আর কোলাহলের মধ্যেই বাসটি চলে গেল। শিক্ষিকাকে দেখে মনে হলো স্বাধীনচেতা ও ব্যক্তিত্বময়ী। ডাক্তার অপূর্বের মনে পড়লো সেই বিখ্যাত গানের গলি: আমার বলার কিছু ছিল না।
উদ্দীপকের শিক্ষিকার মধ্যে অপরিচিতা গল্পের কল্যাণীর চারিত্রিক প্রবণতাসমূহ যথাযথভাবে প্রতিফলিত হয়েছে বলে তুমি মনে কর কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
উদ্দীপকের শিক্ষিকার মধ্যে 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চারিত্রিক প্রবণতাসমূহ যথাযথভাবে প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি।
'অপরিচিতা' গল্পের কল্যাণী যেন বিশ শতকের নারী জাগরণের অগ্রদূত। ঘৃণ্য যৌতুকপ্রথার শিকার হয়ে তার সংসার-জীবনে প্রবেশের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কিন্তু রুগ্ণ সমাজ তার আত্মপ্রত্যয় ও ব্যক্তিত্বকে ভাঙতে পারেনি। বরং দেশচেতনায় ঋদ্ধ হয়ে অনাগত নারী প্রজন্মকে এমন পরিণতি থেকে রক্ষায় শিক্ষিত করে তোলার ব্রত নিয়ে ঝাঁপিয়ে পড়েছে জীবন যুদ্ধে। কল্যাণীর এমন সাহসী ও সংগ্রামী চরিত্রের প্রতিবিম্বিত রূপ উদ্দীপকের অপরিচিতা।
উদ্দীপকে ডাক্তার অপূর্বের এক পূর্বপরিচিতার সাথে সাক্ষাৎ লাভের বিবরণ দেওয়া হয়েছে। সেই নারী আর কেউ নন, তারই একসময়ের হবু স্ত্রী। স্কুল বাসে শিক্ষার্থীদের ছড়া গান শেখাতে দেখে তার শিক্ষিকা পরিচয়টি জানা যায়। শিক্ষিকাকে দেখে স্বাধীনচেতা ও ব্যক্তিত্বময়ী মনে হয়। বিয়ে ভেঙে গেছে বলে নারীটির জীবন কিন্তু থেমে থাকেনি। বরং নতুন আত্মপ্রত্যয়ে শিক্ষার ব্রত নিয়ে নিজেকে জড়িয়ে নিয়েছেন সমাজের কল্যাণে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীও এমনই এক অসম সাহসী, তেজোদীপ্ত ও আত্মোৎসর্গকারী চরিত্র। বরপক্ষের লোভী ও হীন মানসিকতায় তার বিয়ে ভেঙে গেলে সে সমাজের নারীদের এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় খুঁজতে থাকে। নারীজাগরণের উদ্দেশ্যে সে নারীশিক্ষা প্রদানকে নিজের জীবনের পরম ব্রত হিসেবে বেছে নেয়। তার এ ব্রতকে সার্থক করে তুলতে সে অনুপমের দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করে। এতে তার তেজোদীপ্ত ব্যক্তিত্বের উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটে। সংসার ধর্ম উপেক্ষা করে এ ব্রত পালন তার স্বাধীনচেতা সত্তারই ইঙ্গিতবহ।
পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের স্বল্প পরিসরেও একজন শিক্ষিকার সংঘাতময় জীবনের ইঙ্গিত পাওয়া যায়। তার চারিত্রিক প্রবণতাসমূহ নিঃসন্দেহে গল্পের কল্যাণীর কথাই মনে করিয়ে দেয়।

