• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • অষ্টম শ্রেণি
  • প্রবন্ধ রচনা
প্রবন্ধ রচনা

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কুয়াকাটা সৈকতে একদিন

কুয়াকাটা সৈকতে একদিন

ভূমিকা: ভ্রমণ করতে সবাই ভালোবাসে। ভ্রমণের মাধ্যমে যে আনন্দ অভিজ্ঞতা অর্জিত হয়, তা অন্য কোনোভাবে সম্ভব নয়। আর সমুদ্র সৈকতে বেড়ানোর মজাই আলাদা। কারণ সমুদ্রের প্রতি মানুষের রয়েছে এক দুর্নিবার মোহ। সৃষ্টিকর্তা পৃথিবীতে অসংখ্য অপূর্ব লীলা সৃষ্টি করেছেন। এক গভীর রহস্য লুকিয়ে আছে সমুদ্রের জলরাশিতে। সমুদ্রের তলদেশের রহস্য নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। সমুদ্র মানুষের জন্য আনন্দ-বেদনা দুই-ই বয়ে আনে। কিন্তু তারপরও সমুদ্রের প্রতি মানুষের মোহ কাটে না। আর সেই রকম এক গভীর মোহ থেকেই সমুদ্রের প্রতি আমার আকর্ষণ বাড়তে থাকে।

কুয়াকাটা সৈকতের উদ্দেশে যাত্রা: দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপদান করতে আমার জীবনেও কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণের সুযোগ আসে। ২০১৮ সালে এইচএসসি পরীক্ষার পর বড় আপা ও দুলাভাই কুয়াকাটা যাওয়ার প্রস্তাব দিলে আমি এক বাক্যে রাজি হয়ে যাই। যাত্রার জন্য আমার মন যথেষ্ট উদগ্রীব ছিল। অবশেষে শুক্রবার কাপড়-চোপড় গুছিয়ে নিয়ে একটি মাইক্রোবাসে করে আমরা কুয়াকাটার উদ্দেশে যাত্রা করলাম। শরতের মিষ্টি রোদ আর ঝিরিঝিরি বাতাসে আমরা এগিয়ে চললাম। রাস্তার দু'পাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। সেই সঙ্গে রাস্তার পাশে বিরতি দিয়ে খাওয়া-দাওয়া করা ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দেয়। ভোর ৫টার দিকে আমরা কুয়াকাটার সুন্দর, পরিচ্ছন্ন হোটেলে গিয়ে উঠলাম। সবাই খুব ক্লান্ত থাকায় কিছু সময় হোটেলেই বিশ্রাম নিই। তবে মনের মধ্যে শুধু আঁকুপাঁকু ভাব, কতক্ষণে সমুদ্র তীরে গিয়ে নয়নভরে দেখব সমুদ্রের আসল চেহারা।

সূর্যোদয়ের দৃশ্য: খুব সকালে আমরা তাড়াহুড়ো করে চলে যাই সমুদ্র সৈকতে। সূর্যোদয় দেখার জন্য সবাই উদগ্রীব। অতঃপর দেখলাম সূর্যোদয়। সে এক অপরূপ দৃশ্য। সমুদ্রে মিশে থাকা দিগন্ত ক্রমশ লাল হয়ে উঠল। তারপর ধীরে ধীরে সমুদ্রগর্ভ থেকে উঠে এলো লাল সূর্য। সূর্যের জবা কুসুমের মতো রং ক্রমশ সোনালি রং ধারণ করে চারদিকে ছড়িয়ে পড়ে। মনভরে দেখে নিলাম সূর্যোদয়। দুপুর পর্যন্ত কুয়াকাটার আশপাশের নয়নাভিরাম সৌন্দর্য আমরা উপভোগ করলাম।

কুয়াকাটা সৈকতের অভিজ্ঞতা: পড়ন্ত বিকেলে আমরা চলে যাই সমুদ্র সৈকতে। সেখানে অনেক লোকের সমাগম দেখে মনে হয় যেন মেলা বসেছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ আমাদের বিমোহিত করে। লোকজন নানাভাবে উপভোগ করে এই প্রাকৃতিক সৌন্দর্য। কেউ বালিতে বসে আছে, কেউ ঝিনুক খুঁজছে, কেউবা ক্যামেরা হাতে নিয়ে ছবি তোলায় ব্যস্ত। দু চোখে অবাক বিস্ময় নিয়ে আমি দেখতে লাগলাম সমুদ্রের বিশাল জলরাশি। হঠাৎ দেখি সমুদ্রের ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে আমার পা। আমি দুহাত ভরে তুলে নিলাম সমুদ্রের নোনা জল। সমুদ্রে গোসল করে দেহ-মন ভরে গেল এক অদ্ভুত আনন্দে। সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্য একমাত্র সমুদ্র সৈকত থেকে দেখা সম্ভব। সূর্যাস্তের সেই অপূর্ব মুহূর্তের কথা ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। পশ্চিম আকাশ রঙিন আভায় ভরে ওঠে। আর সমুদ্রের নীল সেই লাল আভার সঙ্গে এক গভীর মিতালি তৈরি করে। গোধূলি লগ্নের এরূপ নৈসর্গিক দৃশ্যের তুলনা হয় না। আকাশে অসংখ্য তারা আর নিচে উত্তাল সমুদ্র। রাতের সমুদ্রও বড় অপরূপ, বড়ই মনোহর।

কুয়াকাটা সৈকত থেকে প্রস্থান: মন না চাইলেও আমাদের ফিরে আসতে হয়। রাতের খাওয়া-দাওয়া শেষ করার পর আমরা ফেরার সিদ্ধান্ত নিই। গাড়িতে ওঠার সময়ও আমরা বারবার ফিরে ফিরে তাকাই সমুদ্র সৈকতের দিকে। গাড়ির দোলায় আমাদের চোখ বুজে এলেও মনের মধ্যে বারবার ভেসে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য।

উপসংহার: খুব সংক্ষিপ্ত সময়ে কুয়াকাটা সমুদ্র সৈকত আমাদের মায়ার বাঁধনে বেঁধে ফেলে। ফিরে আসতে মন না চাইলেও ফিরতেই হয়। সমুদ্র মানুষকে টানে। মানুষের ক্লান্তিকে প্রশমিত করে। সমুদ্রের উদারতা ও সৌন্দর্যের ঘনঘটা মানুষের মনকে তুষ্ট করে। কুয়াকাটা সমুদ্র সৈকতে কাটানো এই একটি দিন আমার স্মৃতিপটে দাগ কেটে যায়।

প্রবন্ধ রচনা - অনন্যা প্রশ্ন

বাংলাদেশের ষড়ঋতুসময়ের মূল্যস্বদেশপ্রেমচরিত্রঅধ্যবসায়শিষ্টাচারনিয়মানুবর্তিতাপিতামাতার প্রতি কর্তব্যনৈতিক শিক্ষা ও মূল্যবোধসততা/সত্যবাদিতানাগরিক অধিকার ও কর্তব্যমানবকল্যাণে বিজ্ঞানকৃষিক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ শিক্ষা বিস্তারে কম্পিউটার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানআধুনিক শিক্ষায় ইন্টারনেটবিদ্যুৎ ও আধুনিক জীবন আধুনিক তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশবিশ্ব যোগাযোগে ইন্টারনেটের ভূমিকাজাতি গঠনে ছাত্রসমাজের ভূমিকাকর্মমুখী শিক্ষাছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্যপাঠাগারের প্রয়োজনীয়তানারীশিক্ষার গুরুত্বআমাদের বিদ্যালয়তোমার প্রিয় শিক্ষকমাদকাসক্তি ও তার প্রতিকারতোমার প্রিয় খেলাখেলাধুলার প্রয়োজনীয়তাআমার প্রিয় খেলা: হা-ডু-ডুএকটি দিনলিপিআমাদের গ্রামতোমার শৈশব স্মৃতিতোমার জীবনের লক্ষ্যতোমার জীবনের একটি স্মরণীয় ঘটনাআমার চারপাশের প্রকৃতিসুন্দরবনপরিবেশ দূষণ ও তার প্রতিকারবৃক্ষরোপণের প্রয়োজনীয়তাপ্রাকৃতিক দুর্যোগবাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য ষড়ঋতুর বাংলাদেশ বর্ষাকালএকটি শীতের সকাল একটি বর্ষণমুখর দিনবাংলাদেশের নদনদীবাংলাদেশের বন্যাবসন্তকালএকটি পূর্ণিমা রাতকালবৈশাখীর রাতবৃক্ষমেলানদীতীরে সূর্যাস্তট্রেনে ভ্রমণদেশ ভ্রমণনৌকা ভ্রমণদেশভ্রমণে শিক্ষা ও আনন্দবনভোজনচিড়িয়াখানায় একদিনকুয়াকাটা সৈকতে একদিনবাংলাদেশের কৃষকশ্রমের মর্যাদাবাংলাদেশের কুটির শিল্পদ্রব্যমূল্য বৃদ্ধি ও এর প্রতিকার বাংলাদেশের জনসংখ্যা সমস্যা ও তার প্রতিকারবাংলাদেশের পোশাক শিল্পবাংলাদেশের পর্যটন শিল্পঅর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকাখাদ্যে ভেজালসড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার শিশুশ্রমধানপাটচা শিল্পকী ধরনের বই আমার পড়তে ভালো লাগেআমার প্রিয় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবই পড়ার আনন্দবাংলাদেশের পুরাকীর্তিমুক্তিযুদ্ধ জাদুঘরবাংলা নববর্ষবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরআমার প্রিয় ব্যক্তিত্বআমার মাসংবাদপত্র টেলিভিশনআমার স্বপ্নের বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিজয় দিবসমুক্তিযুদ্ধের চেতনাএকুশে বইমেলাবাংলাদেশের স্বাধীনতা দিবসআমাদের জাতীয় পতাকাশহিদ মিনারযানজটবাংলাদেশের পাখিসাম্প্রদায়িক সম্প্রীতি ও বাংলাদেশবাংলাদেশের একটি দর্শনীয় স্থানমেট্রোরেল প্রকল্প মোবাইল ফোনস্বপ্নের পদ্মা সেতু করোনা ভাইরাস ডেঙ্গু জ্বর ও তার প্রতিকারডিজিটাল বাংলাদেশকর্ণফুলী টানেল

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ