• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • ষষ্ঠ শ্রেণি
  • কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি
কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

কৃষি যন্ত্রপাতির ধারণা

কৃষিকাজ একটি কারিগরি কাজ। কৃষির অধিকাংশ কাজই যন্ত্রের সাহায্যে করতে হয়। কৃষিকাজ একক কোনো কাজ নয়। এটা একটা প্রক্রিয়া, অনেকগুলো কাজের সমাহার। একটা কাজের সাথে আরেকটা কাজের ধারাবাহিকতা আছে। যেমন: জমি চাষ কৃষিকাজের শুরু আর ফসল মাড়াই-ঝাড়াই করে গোলাজাত করা কৃষিকাজের শেষ। জমি চাষ থেকে ফসল গোলাজাত পর্যন্ত সব কাজই যন্ত্রনির্ভর। কৃষিকাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয়, তা-ই হচ্ছে কৃষি যন্ত্রপাতি।

বাংলাদেশের একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে জমির পরিমাণ কমে আসছে। অল্প জমি থেকে বেশি পরিমাণ ফসল উৎপাদন একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জয়ের জন্য সঠিক যন্ত্রপাতির সঠিক ব্যবহার দরকার। শুধু ভালো বীজ, সার, পানি বা ঔষধ ব্যবহারই ফসল উৎপাদনের জন্য যথেষ্ট নয়। পাশাপাশি কৃষি যন্ত্রপাতিরও দরকার। কৃষি যন্ত্রপাতির ব্যবহার যত সঠিক হবে, ফসল উৎপাদনও তত ভালো হবে।

জমিতে ফসল জন্মাতে যন্ত্রপাতির ব্যবহার শুধু এখন নয়, প্রাচীন যুগেও ছিল। তখন কাঠের, হাড়ের বা পাথরের চোখা যন্ত্রের সাহায্যে মাটি খুঁড়ে আগাছা পরিষ্কার করে ফসলের বীজ বপন হতো। এরপর ক্রমান্বয়ে মানুষ ফসল উৎপাদনের কাজে গরু, মহিষ, ঘোড়া ও যান্ত্রিকশক্তি ব্যবহার করতে লাগল। কৃষিকাজ ভেদে এবং ফসল ভেদে যন্ত্রপাতির ব্যবহারও ভিন্ন ভিন্ন।
ফসল উৎপাদনের কৃষিকাজগুলো হলো জমি চাষ, বীজ বপন, চারা রোপণ, সার প্রয়োগ, আগাছা দমন, পোকামাকড় ও রোগ দমন, পানিসেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই-ঝাড়াই করা, শুকানো ও গোলাজাত করা। প্রত্যেকটি কাজের সাথেই যন্ত্রের ব্যবহার আছে।

যেসব যন্ত্র দ্বারা জমি চাষ, বীজ বপন, আগাছা দমন, পোকামাকড় দমন, পানি সেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই-ঝাড়াই করা হয় সেগুলোই কৃষি যন্ত্রপাতি। কৃষি যন্ত্রপাতিগুলোর কিছু হস্তচালিত, আর কিছু শক্তিচালিত।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ