- হোম
- একাডেমি
- সাধারণ
- ষষ্ঠ শ্রেণি
- কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
মাছ ধরার স্থানীয় যন্ত্রপাতি ও ব্যবহার
স্থানীয়ভাবে মাছ ধরার অনেক যন্ত্রপাতি আছে। তন্মধ্যে জাল, পলো ও বড়শি প্রধান। প্রায় কৃষকের ঘরেই বিভিন্ন রকম জাল, পলো, বড়শি দেখতে পাওয়া যায়।
১। জাল: জাল এদেশের প্রাচীন মাছ ধরার কৌশল। জাল সুতা দ্বারা তৈরি করা হয়। পুকুর, ডোবা, নদী-নালা, খাল-বিল, এমনকি সমুদ্র থেকেও জাল দ্বারা মাছ ধরা হয়। পানিতে জাল পাতলে বা জাল ফেললে জালের ফাঁসে মাছ আটকা পড়ে। কৃষকেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করেন। যেমন: ঝাঁকি জাল, ঠেলা জাল এবং খরা জাল।
ক) ঝাঁকি জাল: ঝাঁকি জালের উপরের প্রান্তে সরু রশি বাঁধা থাকে। জালের নিচের দিকে লোহার ছোট ছোট কাঠি যুক্ত করা হয়, যাতে পানিতে জাল ফেললে তাড়াতাড়ি ডুবে যেতে পারে। মাছ ধরার সময় খাল, পুকুর বা নদীর তীর থেকে রশিটি হাতে রেখে জাল পানিতে ছুড়ে মারা হয়। পরে রশি ধরে টেনে জাল তোলা হয়। জালের নিচে অনেক ধরনের মাছ আটকা পড়ে। পুঁটি, চিংড়ি, কার্প ও নলা মাছ বেশি ধরা পড়ে।
খ) ঠেলা জাল: ঠেলা জাল তিন কোনা। এটাকে তিন কোনা বাঁশের ফ্রেমে আটকানো হয়। ঠেলা জাল দিয়ে সাধারণত ছোট ছোট মাছ ধরা হয়। ঠেলা জালের হাতল ধরে পানিতে নেমে সামনের দিকে নিলে এই জালে পুঁটি, খলিসা, চিংড়ি, বেলে ইত্যাদি মাছ ধরা পড়ে।
গ) খরা জাল: এটি একটি ত্রিভুজাকৃতির জাল যা বাঁশের মাচা বা টং থেকে চালানো হয়। জাল ইংরেজি "V" আকৃতির বাঁশের কাঠামোর মাঝখানে বাঁধা থাকে। জালটি নদী বা বিলে মাছের চলাচলের পথে পানিতে ডুবিয়ে রাখা হয়। একটি নির্দিষ্ট সময় পর পর জালের পিছনের দিকে বাঁশের গোড়ায় চাপ দিলে জাল উপরে উঠে আসে। এর পর জালে আটকা পড়া মাছ সংগ্রহ করা হয়।
২। পলো: পলো মাছ ধরার একটি প্রাচীন পদ্ধতি। এটি বাঁশের শলাকা ও বেত দিয়ে তৈরি। এর নিচের দিকের মুখ গোলাকার ও বড় এবং উপরের দিকের মুখও গোলাকার কিন্তু ছোট। দুই মুখই খোলা থাকে।
পলো উপরের দিকে হাত দিয়ে ধরে অগভীর পানিতে চাপ দিতে হয়। মাছ পলোতে আটকা পড়লে পলোর ভেতরে ছুটাছুটি করতে থাকে। অতঃপর উপরের মুখ দিয়ে হাত ঢুকিয়ে পলোর ভেতর থেকে মাছ ধরা হয়। শোল, গজার ইত্যাদি বড় মাছ পলোতে ধরা পড়ে।
৩। বড়শি: বড়শি লোহার তৈরি। বড়শির জন্য প্রায় ২০০ সেমি লম্বা একটি ছিপ দরকার পড়ে। হাটে-বাজারে এমনকি শহরেও মাছ ধরার জন্য বিশেষ ধরনের ছিপ পাওয়া যায়। ছিপের আগায় সুতার এক প্রান্ত বেঁধে অপর প্রান্ত বড়শির সাথে বাঁধা হয়।
বড়শিতে বিভিন্ন ধরনের টোপ লাগিয়ে পানিতে ফেলা হয়। মাছ টোপ দেখে খাওয়ার সময় বড়শিতে আটকা পড়ে। তারপর সুতাটি টেনে বড়শি থেকে মাছ সংগ্রহ করা হয়। বড়শি অনেক প্রকারের। ছোট পুঁটি মাছ থেকে শুরু করে বৃহৎ বোয়াল মাছও বড়শিতে আটকা পড়ে।
কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

