- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- অর্ধাঙ্গী [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
হাসনা গরিবের মেয়ে। তার বাবা অন্যের জমিতে বর্গাচাষ করে সংসার চালায়। হাসনা স্কুলে যায়। পড়াশোনার প্রতি তার প্রচণ্ড আগ্রহ। কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে নিষেধ করে। পড়ার খরচ জোগানের মতো আর্থিক সচ্ছলতা হাসনার বাবার নেই। তবু হাসনা হতাশ হ না। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে। তাকে বড়ো হতে হবে। বাবার দারিদ্র্য সে দূর করবে।
'যেকোনো মূল্যেই সে পড়াশোনা চালিয়ে যাবে।'- উক্তিটির মধ্যে হাসনার যে দৃঢ়তা প্রকাশ পেয়েছে, 'অর্ধাঙ্গী' প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকার নারীর সামাজিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে তারই প্রতিফলন ঘটেছে উদ্দীপকে উল্লিখিত হাসনার উক্তিতে।
'অর্ধাঙ্গী' প্রবন্ধে লেখিকা নারীদের কল্যাণ কামনা করেছেন। তিনি প্রত্যাশা করেছেন যেন পুরুষের পাশাপাশি নারীও শিক্ষার সমান সুযোগ পায় এবং নিজের সামাজিক অবস্থান পরিবর্তনে দৃঢ় ভূমিকা রাখে।
উদ্দীপকে শিক্ষাগ্রহণের মাধ্যমে নিজের উৎকর্ষ সাধনে হাসনার দৃঢ় সংকল্প প্রকাশ পেয়েছে। প্রতিকূল পরিবেশেও হাসনা শিক্ষা অর্জন করে নিজেকে স্বাবলম্বী করে তোলার দৃঢ়তা ব্যক্ত করেছে। এ শিক্ষাগ্রহণের মাধ্যমে সে তার পরিবারের উন্নতি করতে চায়।
লেখক 'অর্ধাঙ্গী' প্রবন্ধটিতে নারীদের সকল প্রতিকূলতা জয় করে সুশিক্ষা গ্রহণে প্রবুদ্ধ করেছেন। পরিবার ও সমাজজীবনে পূর্ণ ও স্বাভাবিত গতি বজায় রাখার জন্য নারীদের স্বশিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। উদ্দীপকে উল্লিখিত হাসনার শিক্ষাগ্রহণের আগ্রহ এবং পারিবারিক প্রতিকূল অবস্থার মধ্যেও নিজেকে সুশিক্ষিত করে তোলার দৃঢ় সংকল্প লেখকের বক্তব্যেরই আদর্শ রূপায়ণ। হাসনার দৃঢ় সংকল্প এবং এর মাধ্যমে পরিবারের উন্নতি সাধনের চেষ্টা প্রবন্ধটির মূলবক্তব্যের যথার্থতা প্রকাশ করে।
উত্তরের সারবস্তু: পুরুষশাসিত সমাজে শিক্ষাগত যোগ্যতা এবং মানসিক দৃঢ়তা অর্জন করে নারীদের স্বাবলম্বী হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে 'অর্ধাঙ্গী' প্রবন্ধে। প্রশ্নে উল্লিখিত হাসনার উক্তিটির দৃঢ়তার মাধ্যমে আলোচ্য প্রবন্ধটির মূলভাবের সার্থক প্রতিফলন ঘটেছে।

