- হোম
- একাডেমি
- সাধারণ
- অষ্টম শ্রেণি
- অতিথির স্মৃতি (গদ্য)
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
ঘটনাটি ২০১৪ সালের। নোয়াখালী জেলার এক দুরন্ত ও সাহসী বালক বেলাল, যে নিজের জীবনের তোয়াক্কা না করে তীব্র স্রোতে ডুবতে থাকা একটি হরিণ শাবককে উদ্ধার করে যত্ন নিয়ে পুনরায় বনে ছেড়ে দেয়। ছবিটি তুলেছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হাসিবুল ওয়াহাব।
উদ্দীপকের ঘটনাটি 'অতিথির স্মৃতি' গল্পের মূলভাবকে কতটা তুলে ধরতে পেরেছে? বিশ্লেষণ করো।
হরিণ শাবকটির প্রতি মমত্ববোধের চিত্র তুলে ধরার দিক থেকে উদ্দীপকটি 'অতিথির স্মৃতি' গল্পের মূলভাবকে অনেকাংশেই তুলে ধরতে পেরেছে।
'অতিথির স্মৃতি' গল্পে অসুস্থ গল্পকথকের সঙ্গে অচেনা এক কুকুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিত্র উপস্থাপিত হয়েছে। দেওঘরের অচেনা পরিবেশে এই কুকুরটিই ছিল নিঃসঙ্গ গল্পকথকের সঙ্গী। আর তাই অল্পসময়েই আপন হয়ে ওঠা কুকুরটিকে তিনি বরণ করে নেন অতিথির মর্যাদায়। এর ভিতর দিয়ে মানবেতর প্রাণীর প্রতি গল্পকথকের গভীর মমত্ববোধের পরিচয় মেলে।
উদ্দীপকের বেলাল একজন সহানুভূতিশীল ও মানবিকবোধসম্পন্ন বালক। আর তাই সে নিজের জীবনের তোয়াক্কা না করে তীব্র স্রোতে ডুবতে থাকা হরিণ শাবকটিকে উদ্ধার করে। শুধু তাই নয়, উদ্ধারকৃত হরিণ শাবকটির প্রয়োজনীয় যত্ন নিয়ে সেটিকে সুস্থ করে বনে অবমুক্ত করে দেয়। হরিণ শাবকটির প্রতি বেলালের এমন ভালোবাসা আমাদেরও অনুপ্রাণিত করে। আলোচ্য গল্পটিতেও পশুপাখিকে ভালোবাসতে আমাদের অনুপ্রাণিত করা হয়েছে।
'অতিথির স্মৃতি' গল্পে লেখক পশুপাখির প্রতি মমত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এ গল্পে অসহায় একটি পথের কুকুরের সঙ্গে গল্পকথকের সম্পর্কের আখ্যান বর্ণিত হয়েছে। অন্যদিকে, বেলাল হরিণশাবকটির জন্য যা করেছে, তা এককথায় অভাবনীয়। বস্তুত, পশুপাখি প্রাকৃতিক সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের পুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাছাড়া মানবিকবোধও আমাদের পশুপাখির প্রতি সহানুভূতিশীল হতে অনুপ্রাণিত করে। আলোচ্য 'অতিথির স্মৃতি' গল্পের কথক এবং উদ্দীপকের বেলালের আচরণেও পশুপাখির প্রতি ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশিত হয়েছে। সে বিবেচনায় উদ্দীপকের ঘটনাটি আলোচ্য গল্পের মূলভাবকে অনেকাংশেই তুলে ধরে।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'শেষ প্রশ্ন' কোন ধরনের রচনা?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'শেষ প্রশ্ন' একটি উপন্যাস।
লেখকের অতিথি কীভাবে তাঁকে বিদায় জানিয়েছিল?
ট্রেন চলে যাওয়ার পথে একদৃষ্টে চেয়ে থেকে অতিথি লেখককে বিদায় জানিয়েছিল।
'অতিথির স্মৃতি' গল্পের লেখক দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন অতিথি মহা ব্যস্ততার সাথে কুলিদের সঙ্গে ছোটাছুটি করছিল, যেন সে তাদের খবরদারি করছে। অতিথি অন্যদের সাথে স্টেশন অবধি গিয়েছিল। ট্রেন ছাড়া হলে স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে লেখকের দিকে একদৃষ্টে তাকিয়ে ছিল। এভাবেই ভালোবাসা দিয়ে সে লেখককে বিদায় দিয়েছিল।
'অতিথির স্মৃতি' গল্পের গল্পকথকের সঙ্গে উদ্দীপকের বেলালের তুলনা করো।
মানবেতর প্রাণীর প্রতি মমত্বপূর্ণ আচরণ প্রকাশের দিক থেকে গল্পকথক এবং উদ্দীপকের বেলাল তুলনীয়।
'অতিথির স্মৃতি' গল্পে কয়েক দিনের পরিচয়ে একটি পথের কুকুরের সঙ্গে গল্পকথকের মমত্বের সম্পর্ক গড়ে ওঠে। গল্পকথক কুকুরটিকে অতিথির মর্যাদায় বরণ করে নেন। দেওঘরে থাকা অবস্থায় কুকুরটি ছিল তাঁর নিত্যসঙ্গী। আর তাই দেওঘর থেকে ফিরে আসার সময় অতিথিরূপী প্রিয় কুকুরটির কথা ভেবে গল্পকথক কাতর হয়ে পড়েন।
উদ্দীপকে এক হরিণ শাবকের প্রতি সাহসী বালক বেলালের সহানুভূতিশীল আচরণের কথা বর্ণিত হয়েছে। একটি হরিণ শাবককে তীব্র স্রোতের টানে ডুবতে দেখে বেলাল স্থির থাকতে পারেনি। তাই জীবনের ঝুঁকি নিয়ে সে হরিণ শাবকটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় এবং পরবর্তীকালে সেটিকে বনে অবমুক্ত করে। বেলালের এমন আচরণ তার উন্নত মানবিকবোধ ও পশুপাখির প্রতি গভীর মমত্ববোধের পরিচয় দেয়। 'অতিথির স্মৃতি' গল্পের গল্পকথকের মাঝেও পশুপাখিদের প্রতি সহানুভূতির দিকটি একইভাবে পরিলক্ষিত হয়। এদিক থেকে আলোচ্য গল্পের কথক এবং বেলাল চরিত্র দুটি পরস্পরের সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে।

