- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- পৌরনীতি ও সুশাসন পরিচিতি
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
শাহানা বেগম গত সংসদ নির্বাচনে উপযুক্ত প্রার্থীকে ভোট প্রদান করেছেন। তিনি তার সন্তানদের এবং পাড়াপড়শীদের ভোটদানে আগ্রহী করে তুলেছেন। অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত শাহানা বেগম দেশ ও জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছেন। সেই কারণে শাহানা বেগমকে একজন সুনাগরিক হিসাবে গণ্য করা যায়।
উদ্দীপকে সুনাগরিকের অধিকার ও কর্তব্য সচেতন করার ক্ষেত্রে যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে- তার পরিধি বিশ্লেষণ করো।
উদ্দীপকে সুনাগরিকের অধিকার ও কর্তব্য সচেতন করার ক্ষেত্রে যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তাহলো পৌরনীতি ও সুশাসন, যার পরিধি ব্যাপক।
পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তবে ব্যক্তির নাগরিকজীবন ছাড়াও রয়েছে সমাজজীবন। মানুষ সামাজিক জীব হিসেবে কেবল রাষ্ট্রের সদস্যই নয় বরং একই সাথে বহু সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানের সদস্য। এজন্য পৌরনীতি ও সুশাসন সমাজজীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয় হলো নাগরিকের অধিকার ও কর্তব্য। অধিকার, কর্তব্য এবং অধিকার ভোগ করতে হলে কী কী কর্তব্য পালন করতে হয় তা পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে জানা যায়। পৌরনীতি ও সুশাসন নাগরিকতার সাথে সম্পর্কিত স্থানীয় প্রতিষ্ঠানসমূহ, জাতীয় প্রতিষ্ঠানসমূহ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে আলোচনা করে থাকে। পৌরনীতি ও সুশাসন বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ নিয়েও আলোচনা করে। রাষ্ট্র, সরকার, নির্বাচন, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহও পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয়।
এছাড়া পৌরনীতি ও সুশাসন নাগরিকতার বর্তমান নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে। অতীতকালে নাগরিকতা কীভাবে নির্ণয় করা হতো, নাগরিকের অধিকার ও কর্তব্য কেমন ছিল এবং বর্তমানে নাগরিকের মর্যাদা কীরূপ তার ওপর ভিত্তি করে পৌরনীতি ও সুশাসন ভবিষ্যৎ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে।
পরিশেষে বলা যায়, পৌরনীতি ও সুশাসনের পরিধি বা বিষয়বস্তু কেবল সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, আরও বহুবিধ বিষয় এ শাস্ত্রে আলোচিত হয়। তাই এ বিষয়ের পরিধি ব্যাপক ও বিস্তৃত।
মন্তব্য ও আলোচনা (০)
সম্পর্কিত প্রশ্ন ও উত্তর সমূহ
ল্যাটিন শব্দ Civis এর অর্থ কী?
ল্যাটিন শব্দ Civis এর অর্থ নাগরিক।
পৌরনীতির সাথে অর্থনীতির সম্পর্ক কেমন?
পৌরনীতি ও অর্থনীতি দুটি স্বতন্ত্র বিষয় হলেও এদের বিচ্ছিন্ন করে দেখার অবকাশ নেই।
কারণ আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও সরকারের রূপ অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা নির্ণয় করা হচ্ছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, পুঁজিবাদ, সমাজবাদ ও মিশ্র অর্থনীতির মাধ্যমে পুঁজিবাদী, সমাজবাদী ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে। দেশের আইন, স্বাধীনতা ও সাম্যের ধারণা ও অবস্থান; শিল্প, বাণিজ্য, উৎপাদন, বণ্টন ও ভূমি ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এভাবেই পৌরনীতি ও অর্থনীতি পরস্পর সম্পর্কিত।
উদ্দীপকে শাহানা বেগমকে অধিকার ও কর্তব্য সচেতন করার পেছনে কোন বিষয়ের পাঠ মুখ্য ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে শাহানা বেগমকে অধিকার ও কর্তব্য সচেতন করার পেছনে পৌরনীতি ও সুশাসন বিষয়ের পাঠ মুখ্য ভূমিকা পালন করেছে।
মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু কিছু সুযোগ-সুবিধা বা অধিকার একান্ত প্রয়োজন। পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ তাদের এসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে অবহিত ও সচেতন হতে পারে। আবার অধিকারের ধারণার মধ্যেই কর্তবের ধারণা নিহিত থাকে। প্রত্যেক নাগরিককে তার কর্তব্য কী কী, কেন কর্তব্য পালন করতে হয়, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কী এসব সম্পর্কে জানতে হয়। পৌরনীতি ও সুশাসন এসব বিষয় নিয়ে আলোচনা করে এবং ব্যক্তিকে অধিকার উপভোগের পাশাপাশি কর্তব্য সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। উদ্দীপকের লক্ষ করা যায়, শাহানা বেগম গত সংসদ নির্বাচনে উপযুক্ত প্রার্থীকে ভোট প্রদান করেছেন। তিনি তার সন্তানদের এবং পাড়াপড়শীদের ভোটদানে আগ্রহী করে তুলেছেন। অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত শাহানা বেগম দেশ ও জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছেন। যেহেতু পৌরনীতি ও সুশাসন নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে আলোচনা করে নাগরিককে সুনাগরিকতার শিক্ষা দান করে সেহেতু বলা যায় উদ্দীপকে শাহানা বেগমকে অধিকার ও কর্তব্য সচেতন করার পেছনে পৌরনীতি ও সুশাসন বিষয়ের পাঠ মুখ্য ভূমিকা পালন করেছে।

