• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • নিমগাছ (গদ্য)
নিমগাছ (গদ্য)

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

নিমগাছ (বনফুল)

কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে।

পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ!

কেউবা ভাজছে গরম তেলে।

খোস দাদ হাজা চুলকানিতে লাগাবে।

চর্মরোগের অব্যর্থ মহৌষধ

কচি পাতাগুলো খায়ও অনেকে।

এমনি কাঁচাই

কিম্বা ভেজে বেগুন-সহযোগে।

যকৃতের পক্ষে ভারি উপকার।

কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক... দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ।

বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন।

বলে- 'নিমের হাওয়া ভালো, থাক্, কেটো না।'

কাটে না, কিন্তু যত্নও করে না।

আবর্জনা জমে এসে চারিদিকে।

শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ- সে আর-এক আবর্জনা।

হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো।

মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না,

মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল শুধু।

বলে উঠল, 'বাহ্, কী সুন্দর পাতাগুলি... কী রূপ! থোকা থোকা ফুলেরই বা কী বাহার... একঝাঁক

নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ্-'

খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল।

কবিরাজ নয়, কবি।

নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।

ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটার ঠিক এক দশা।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

'নিমগাছের পাতা শিলে পিষছে' বলতে কী বোঝায়?

গৃহিণীর ওপর গৃহস্বামীর স্বেচ্ছাচারিতা
চুলকানিতে লাগাবে
পাতা শক্ত বলে
রান্নার কৌশল

নিমগাছের কচি পাতাগুলো অনেকেই কীভাবে খায়?

কাঁচা
চিনি দিয়ে মিশিয়ে
রৌদ্রে শুকিয়ে
গাছ থেকে মরে ঝরে পড়লে

নিমের ডাল ভেঙে অনেকে চিবায় কেন?

চোখ ভালো রাখার জন্য
দাঁত ভালো রাখার জন্য
চামড়া ভালো রাখার জন্য
কণ্ঠ ভালো রাখার জন্য

নিমগাছের বাহারি ফুলগুলো ছিল-

থোকা থোকা
ছাড়া ছাড়া
অঙ্কুরিত
গাছের নিচে পাটির মতো

'শান দিয়ে বাঁধানো' বলতে কী বোঝায়?

ইট-সিমেন্টে বাঁধানো
পাথর দিয়ে বাঁধানো
বাঁশের বেড়া দিয়ে বাঁধানো
টাইলস দিয়ে বাঁধানো

'নিমগাছ' গল্পে শিকড় কী অর্থে ব্যবহৃত হয়েছে?

পরোপকার
দায়িত্বশীলতা
সাংসারিক বন্ধন
অস্তিত্ব

'নিমগাছ' গল্পে নতুন ধরনের লোকটি কে?

বিজ্ঞ ব্যক্তি
কবি
লক্ষ্মী বউ
কবিরাজ

বাড়ির পাশে নিমগাছ গজালে বিজ্ঞরা খুশি হন কেন?

নিমগাছের গুণাগুণ জানেন বলে
নিমগাছ বাড়িটাকে পাহাড়া দিবে
পাতা, ডাল বা ছালের জন্য অন্যের বাড়িতে খোঁজ করতে হয় না
পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে

'নিমগাছ' গল্পে উল্লিখিত নতুন লোক এসে কী করল?

পাতা ছিঁড়ল
ডাল ভাঙল
ছাল তুলল
মুগ্ধদৃষ্টিতে চেয়ে রইল

'নিমগাছ' গল্পে উল্লিখিত নতুন লোক নিমগাছের দিকে তাকিয়ে কী বলল?

পাতাগুলো সুন্দর
পাতা খুব উপাদেয়
পাতা তিতা
পাতাগুলো আমার

'নিমগাছ' গল্পে উল্লিখিত খানিকক্ষণ চেয়ে থেকে নতুন লোকটি কী করল?

ডাল ছিড়ল
পাতা ছিড়ে ব্যাগে রাখল
গাছটি কার খোঁজখবর নিতে লাগল
চলে গেল

লোকটিকে দেখে নিমগাছটার কী ইচ্ছা করল?

পা ভেঙে দিতে
চিমটি কাটতে
কথা বলতে
সঙ্গে যেতে

কবিরাজ বলতে বোঝায়-

কবিদের রাজা
মানুষের নাম
যিনি গাছগাছালি পরিশোধন করে রোগের চিকিৎসা করেন
কবিগানের ওস্তাদ

নিমগাছটা লোকটার সঙ্গে যেতে পারল না কেন?

বাড়ির মালিকের অনুমতি নেই বলে
শিকড় অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে
হাঁটতে পারে না বলে
লোকটা নিতে চায় না বলে

ছাল অর্থ কী?

বাকল
ত্বক
আবরণ
শুকনো পাতা