• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১২

  • বিসিএস ২০১২
  • বাংলাদেশ
Back

বাংলাদেশের ভূ-প্রকৃতি কিরূপ?

বাংলাদেশ পলল গঠিত একটি আর্দ্র অঞ্চল। উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর ও উত্তর-পশ্চিমাংশের সীমিত উঁচুভূমি ব্যতীত সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশ ভূখণ্ড মূলত গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীগঠিত সুবৃহৎ বদ্বীপের সমন্বয়ে সৃষ্ট। এ দেশের ভূখণ্ড উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে ক্রমশ ঢালু। বাংলাদেশের ভূপ্রকৃতি প্রধানত তিনটি ভাগে বিভক্ত। ১. দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের। ২. বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় সোপান বা চত্বর অঞ্চলসমূহ ২৫,০০০ বছর পূর্বে প্লাইস্টোসিনকালে আন্তঃবরফগলা পানির প্লাবনে সৃষ্টি হয়েছিল বলে অনুমান করা হয়। ৩. টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশের ভূপ্রকৃতি এ দেশের অর্থনৈতিক অবস্থাকে নানাভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে থাকে। গ্রীষ্ম ও বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম দিক হতে বঙ্গোপসাগরের ওপর দিয়ে আগত বায়ু এ দেশের পাহাড়ি অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। এ বৃষ্টির ফলে বাংলাদেশ কৃষিকার্যে যথেষ্ট উন্নতি সাধন করেছে। এছাড়া অধিক বৃষ্টিবহুল পাহাড়ি অঞ্চলে বনভূমির সৃষ্টি হয়েছে। অন্যদিকে নদীবাহিত উর্বর পলল মৃত্তিকা ও অনুকূল প্রাকৃতিক পরিবেশের জন্য এ অঞ্চলের অধিকাংশ স্থানেই কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন, জনবসতি ইত্যাদির বিশেষ উন্নতি হয়েছে। এছাড়া ভগ্ন উপকূলের প্রভাবে এ দেশে দুটি স্বাভাবিক সমুদ্র বন্দর গড়ে উঠেছে।

শেয়ার :