• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • দেখতে হলে আলো চাই
দেখতে হলে আলো চাই

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

চোখের ত্রুটি এবং তার প্রতিকার

তোমাদের কি চোখের সমস্যা সম্পর্কে কোনো ধারণা আছে? এ পাঠে আমরা চোখের বিভিন্ন ত্রুটি এবং সেগুলোর প্রতিকার সম্পর্কে আলোচনা করব। আমরা জানি, সুস্থ এবং স্বাভাবিক চোখ "নিকট বিন্দু" (Near point) থেকে শুরু করে অসীম দূরত্বের দূর বিন্দুর মাঝখানে যে স্থানেই কোনো বস্তু থাকুক না কেন সেটা স্পষ্টভাবে দেখতে পারে। এটাই চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। এই স্বাভাবিক দৃষ্টিশক্তি ব্যাহত হলেই তাকে চোখের দৃষ্টির ত্রুটি বলা হয়। চোখের দৃষ্টির অনেক ধরনের ত্রুটি থাকলেও আমরা প্রধান দুটি ত্রুটি নিয়ে আলোচনা করব। সেই দুটি হচ্ছে;

(ক) হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি (Myopia or shortsightedness)

(খ) দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি (Hypermetropia or farsightedness)

হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি (Myopia)

যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের বস্তু দেখতে পায় না, তখন চোখের এই ত্রুটিকে হ্রস্বদৃষ্টি বলে। এরূপ চোখের দূর বিন্দুটি অসীম দূরত্ব অপেক্ষা খানিকটা নিকটে থাকে এবং বস্তুকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হতে আরও কাছে আনলে অধিকতর স্পষ্ট দেখায়। নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি হয়ে থাকে।

১. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে ও

২. কোনো কারণে অক্ষি-গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে।

এর ফলে দূরের বস্তু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে (F) প্রতিবিম্ব তৈরি করে (চিত্র ৫.০৮)। ফলে চোখ বস্তুটি স্পষ্ট দেখতে পায় না।

প্রতিকার: এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করতে হবে, যার ফোকাস দূরত্ব হ্রস্বদৃষ্টির দীর্ঘতম দূরত্বের সমান। চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীত কাজেই চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরো পিছনে তৈরি হবে। অর্থাৎ অসীম দূরত্বের বন্ধু থেকে আসা সমান্তরাল আলোকরশ্মি চশমার অবতল লেন্স L (চিত্র ৫.০৮)-এর মধ্য দিয়ে চোখে পড়ার সময় প্রয়োজনমতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসারিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষিপট R-এর ওপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে।

দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি (Hypermetropia)

যখন কোনো চোখ দূরের বস্তু স্পষ্টভাবে দেখে কিন্তু কাছের বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না, তখন এই ত্রুটিকে দীর্ঘদৃষ্টি বলে। সাধারণত বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ত্রুটি দেখা যায়। নিম্নলিখিত দুটি কারণে এই ত্রুটি ঘটে।

১. চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে অথবা চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেলে।

২. কোনো কারণে অক্ষি-গোলকের ব্যাসার্ধ কমে গেলে।

এর ফলে দূর থেকে আসা আলো সঠিকভাবে চোখের রেটিনাতে প্রতিবিম্ব তৈরি করলেও কাছাকাছি বিন্দু থেকে আসা আলোকরশ্মি চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর রেটিনার ঠিক উপরে না হয়ে পিছনে (F) বিন্দুতে মিলিত হয় (চিত্র ৫.০৯)। ফলে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না।

প্রতিকার: এই ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ফলে কাছাকাছি বিন্দু (চিত্র ৫.০৯) থেকে আসা আলোকরশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পরপর দুইবার প্রতিসারিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজনমতো অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা (R)-এর উপরে পড়বে।

সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

কোন ধরনের মাছ চোখকে সুস্থ রাখতে সহায়তা করে?

চর্বিযুক্ত

ভিটামিন ডি সমৃদ্ধ

প্রোটিন যুক্ত

আয়োডিন যুক্ত

আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কী ঘটনা ঘটে?

লম্বভাবে আপতিত না হয়ে তির্যকভাবে আপতিত হয়

অস্বচ্ছ মাধ্যমে সরল পথে চলে

মাধ্যমের একটি বিভেদ তলে গতিপথ পরিবর্তন হয়

বিভিন্ন রংয়ের জন্য প্রতিসরাংক একই থাকে

উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো-

এটির ক্ষমতা ধনাত্মক

লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্ত মোটা

সমান্তরাল রশ্মি গুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে

ক ও গ উভয়ই

ট্রাফিক সিগনালে হলুদ বাতি জ্বালানো হয় কেন?

গাড়ি অন্য পথে ঘুরিয়ে নেবার জন্য

গাড়ি সামনে এগিয়ে নেবার জন্য

গাড়ি ধীরে ধীরে থামানোর জন্য

গাড়ি থামিয়ে দেবার জন্য

2D বলতে বোঝায়-

লেন্সটি উত্তল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং ফোকাস দূরত্ব ১ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ০.৫ মিটার

লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব ৫০ সে.মি.

কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয় নিচের কোন লেন্স?

অবতল লেন্স

সমতলাবতল লেন্স

উত্তল লেন্স

উত্তলাবতল লেন্স

লেন্সের ক্ষমতা এস.আই একক কী?

ডাই অপ্টার

মায়োপিয়া

রেডিয়ান/মিটার

রেডিয়ান/সেন্টিমিটার

কোনটি ক্ষীণ আলোতে সংবেদনশীল?

রড

কোণ

অ্যাকুয়াস হিউমার

রেটিনা

লেন্সে আলোর কী ঘটে?

প্রতিফলন

অপবর্তন

প্রতিসরণ

সবগুলো

কোন লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা?

উত্তল লেন্স

অভিসারী লেন্স

অবতল লেন্স

সমতল লেন্স

অধিকাংশ লেন্সই কীসের তৈরি?

কাঁচ

প্লাস্টিক

কোয়ার্টজ

ডায়মন্ড

লেন্স প্রধানত কয় প্রকার?

এক প্রকার

দুই প্রকার

তিন প্রকার

চার প্রকার

লেন্সের ক্ষমতার একক কী?

ওয়াট

ওয়াট-ঘণ্টা

ডাই-অপ্টার

ইউনিট