- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- অনুচ্ছেদ
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
শীতের সকাল
শীতের সকাল
প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন হচ্ছে শীতের সকাল। প্রকৃতিতে শীতগমনের প্রথম দিকে যখন এর তীব্রতা সহনশীল মাত্রায় থাকে, তখন শীতের সকালগুলো হয়ে ওঠে দারুণ উপভোগ্য। আমাদের দেশে প্রধানত কার্তিক ও অগ্রহায়ণ মাসে শীতের সকালে প্রকৃতি তার বিপুল সৌন্দর্যের অনন্ত ভান্ডার নিয়ে দেখা দেয়। শীতের সকালে কুয়াশার চাদর ভেদ করে উঁকি দেয় সূর্য। সূর্যের উজ্জ্বল কিরণে ঘাসের মধ্যে জমে থাকা শিশির মুক্তার দানার মতো ঝলমল করে। গ্রামের রাস্তায় কুয়াশাস্নাত ধুলারাশির উপর দিয়ে নিবিষ্টচিত্তে হেঁটে বেড়ানো এবং পাখির বিচিত্র কলকাকলি শুনে আমাদের হৃদয় তৃপ্তি এবং পুলকে ভরে ওঠে। শীতের সকালকে আমেজে ভরপুর করে তোলে খেজুরের রস। তাছাড়া শীতের সকালে গ্রামে শুরু হয় পিঠা উৎসব। বিচিত্র নামের সেসব পিঠার বিচিত্র স্বাদ। ভাপা, পোয়া, পুলি, দুধচিতই, পাটিসাপটা ইত্যাদি পিঠা গ্রামবাংলার শীতের সকালকে, করে তোলে উৎসবমুখর ও উপভোগ্য। শরীরে চাদর কিংবা গরম বস্ত্র জড়িয়ে উনুনের পাশে বসে পিঠা খাওয়ার তৃপ্তি অসাধারণ। অন্যদিকে, বিপরীত চিত্র ধরা পড়ে হতদরিদ্র, গৃহহীন ও বস্ত্রহীন মানুষের জীবনে। শীত তাদের জন্য দুর্বিষহ হয়ে ওঠে। তবে, বর্তমানে শীতকালে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা, এমনকি ব্যক্তি উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণের ফলে দরিদ্রদের কষ্ট অনেকাংশে লাঘব হয়েছে।
অনুচ্ছেদ - অন্যান্য প্রশ্ন
সম্পর্কিত বহুনির্বচনী প্রশ্ন সমূহ

